ভলিবলে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন্স ভলিবল চাম্পিয়নশিপে সোমবার বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল তাদের পঞ্চম ও শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়।
অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ অসাধারণ প্রত্যয়, দৃঢ় মনোবল এবং দুর্দান্ত দলীয় সমন্বয়ের পরিচয় দিয়ে ২৪-২৬, ২৪-২৬, ২৫-২৩, ২৫-২১ ও ১৫-১২ পয়েন্টে (৩-২ সেটে) শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ জয় তুলে নেয়। ম্যাচের শুরুতে প্রথম দুই সেট অল্প ব্যবধানে হারলেও বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিনটি সেট জিতে স্মরণীয় প্রত্যাবর্তনের মাধ্যমে জয় নিশ্চিত করে। এই গুরুত্বপূর্ণ জয়ে বাংলাদেশ দল সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।