× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাহিদকে টি-২০ না খেলালেও চলত: হাবিবুল বাশার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৮:৫৩ পিএম

অনুশীলন করছেন নাহিদ রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুশীলন করছেন নাহিদ রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে দলের সবচেয়ে বড় শক্তি হিসেবে ধরা হয়েছিল দেশসেরা পেসার নাহিদ রানাকে।

তবে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে চোট পেয়ে ছিটকে গেছেন তরুণ এই পেসার। ফলে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশ দলের।

এ পরিস্থিতিতে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সোমবার স্বীকার করেছেন, জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজে নাহিদকে না খেলালেও চলত। তবে ওয়ার্কলোড ব্যবস্থাপনার বাস্তবতা বিবেচনায় রেখেই তাকে খেলানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল ঘোষণার পর সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাবিবুল বলেন, “জাতীয় দলের প্রতিটি ক্রিকেটারের মতো নাহিদের ক্ষেত্রেও মেডিক্যাল বিভাগ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দলের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

তার ভাষায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতিটি বোলারের কাজের চাপ নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতেই ম্যাচ খেলানো বা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া তিনি জানান, অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে নাহিদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল। দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তাকে সব ম্যাচ খেলানো হয়নি।

একইভাবে জিম্বাবুয়ে সফরের টেস্টেও বিশ্রাম দেওয়া হয়। ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলার পর টি-টোয়েন্টির প্রথম ম্যাচে খেলেন নাহিদ, কিন্তু দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন। 

হাবিবুল বলেন, “ওয়ানডে সিরিজটি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও অনেক দূরে থাকায় ওই সিরিজে নাহিদকে বিশ্রাম দেওয়া যেত। তবু ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে তাকে কিছু ম্যাচ খেলানো প্রয়োজন ছিল”।

প্রধান নির্বাচকের ব্যাখ্যা অনুযায়ী, একজন ফাস্ট বোলারের জন্য শুধু অতিরিক্ত বোলিং নয়, দীর্ঘ সময় ম্যাচের বাইরে থাকাও ঝুঁকিপূর্ণ।

তিনি জানান, বোলারদের শারীরিক অবস্থাকে রেড ‘ইয়েলো’ ও ‘গ্রিন’জোনে মূল্যায়ন করা হয়। পর্যাপ্ত বোলিং না করলেও একজন পেসার ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারেন। তাই বড় সিরিজের আগে নির্দিষ্ট মাত্রায় ম্যাচ খেলে প্রস্তুতি ধরে রাখা প্রয়োজন।

তবে তিনি এটাও স্বীকার করেন, ফাস্ট বোলারদের চোট পুরোপুরি এড়ানো সম্ভব নয়। তার মতে, সর্বোচ্চ সতর্কতা নেওয়ার পরও একজন পেসার যেকোনো সময় চোটে পড়তে পারেন। নাহিদের ক্ষেত্রেও সেটিই ঘটেছে, যা দলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

নাহিদের পাশাপাশি প্রথম টেস্টে চোটের কারণে নেই পেসার শরীফুল ইসলামও। ফলে বাংলাদেশের পেস আক্রমণের ধার কমে গেলেও বিকল্পদের ওপর আস্থা রাখছেন হাবিবুল।

তিনি মনে করিয়ে দেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে হাসান মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেনের সামর্থ্যের ওপরও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।

হাবিবুলের মতে, নাহিদ রানা বিশেষ প্রতিভার বোলার এবং তার অনুপস্থিতি অবশ্যই বড় ক্ষতি। এ ছাড়া সৌম্যকে টেস্টে ফেরানোর বিষয়ে তিনি বলেন, “সৌম্য অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। যেই পেসটা আমরা অস্ট্রেলিয়াতে প্রত্যাশা করছি, এটা খেলে সে অভ্যস্ত। আমরা অন্য ওপেনারের কথাও ভেবেছিলাম। দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই”।

মাহমুদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, “মাহমুদুল হাসান জয় এত ভালো ফর্মে নেই, তাকে দেখে একটু ভালনারেবল মনে হচ্ছে। আমরা চিন্তা করেছি তাকে আমাদের ফিরিয়ে আনা দরকার। অস্ট্রেলিয়ায় গেলে হয়তো তার খেলার সুযোগটা একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কম্বিনেশনে যেতে পারে”।

গত মাসে জিম্বাবুয়েতে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল তাওহিদ হৃদয়ের। অভিজ্ঞতাটা অবশ্য সুখকর ছিল না।

হৃদয়কে বাদ দেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বলেন, “মেহেদী হাসান মিরাজ চলে এসেছে, তাওহিদ হৃদয়ের একাদশে ঢোকার সুযোগ কম। কিন্তু আমরা ওকে ভবিষ্যতে টেস্ট ব্যাটসম্যান হিসেবে চিন্তা করছি। আমাদের সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ আছে। তারা খুব ভালো দল, দুটি চার দিনের ম্যাচ আছে। আমরা আসলে ওকে ওখানে পাঠাব”।

জাকের আলীকে নিয়ে তিনি বলেন, “জাকের আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিল না। যখন দল থেকে বের হয়ে গেছে ওই সময় ফর্ম নিয়ে লড়াই করছিল। আমাদের ইচ্ছা ছিল (হাই পারফরম্যান্সের) খেলাগুলো খেলে আবার ফিরে আসুক। কারণ মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না”।

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ, ম্যাকাইতে পরের ম্যাচ ২২ আগস্ট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা