ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১২:৫৮ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৩:০৯ পিএম
দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
নিজেদের খেলোয়াড় হিসেবে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল সৌদি আরবের ক্লাব আল নাসর।
গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনে কোচ রুদি গার্সিয়া ও আল নাসর সভাপতি মুসাল্লি আল–মুয়াম্মারের সঙ্গে বসে রোনালদো বলেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস মাতানো পর্তুগিজ কিংবদন্তিকে সংবাদ সম্মেলনে ‘বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ততক্ষণে ক্লাবটির মাঠ মরসুল পার্কে তিলধারণের ঠাঁই ছিল না।
গোল ডট কম জানিয়েছে, পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ও পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রোনালদো কিছুদিন আগে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। প্রশ্নের উত্তর দেন।
রোনালদো সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, ‘কোচ চাইলে (ক্লাবের) পরের ম্যাচেই তিনি মাঠে নামতে প্রস্তুত।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আল তাঈয়ির বিপক্ষে ম্যাচ আছে আল নাসরের। সংবাদ সম্মেলন থেকে রোনালদোকে ক্লাবের ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।
মাঠের ঠিক মাঝে লাল রংয়ের মঞ্চ প্রস্তুত করাই ছিল। আর গ্যালারিতে আল নাসরের নীল–হলুদ জার্সি পরে ও স্কার্ফ হাতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক।
মাঠের মাঝে সাদা রংয়ের পোশাকে একজন নারী সঞ্চালক এবং সৌদির জাতীয় পোশাকে একজন পুরুষ সঞ্চালক রোনালদোর আগমনী বার্তা ঘোষণা করেন।
রোনালদো যখন টানেল দিয়ে এলেন, সেখানকার ইলেকট্রনিক মনিটরে হলুদ স্ক্রিনে ‘সিআরসেভেন’ লেখা ভেসে ওঠে। মাঠে ঢুকতেই যেন গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। রোনালদো দুই পাশে হাত ছড়িয়ে খুদেদের সঙ্গে করমর্দন করে মাঠে ঢোকেন।
অনুষ্ঠানের নারী সঞ্চালক রোনালদোকে ‘নতুন ঘরে স্বাগত’ বলতেই দর্শকদের চিৎকার আরও বেড়ে যায়। রোনালদো হাত নেড়ে জবাব দেন।
এরপর ক্লাবের খুদেদের সঙ্গে ছবি তোলার পর দুই সঞ্চালকের সঙ্গে সেলফিও তোলেন রোনালদো। নিজের অটোগ্রাফও দেন তারপর বলটা এক কিকে পাঠিয়ে দেন গ্যালারিতে।
এভাবে গ্যালারিতে পাঠান আরও কয়েকটি বল। শেষ বলটিতে অটোগ্রাফ দিয়ে গ্যালারির দিকে এগিয়ে একটি বাচ্চার হাতে তুলে দেন কিংবদন্তি। এই আনুষ্ঠানিকতা শেষে রোনালদোর পরিবারকে মাঠে আমন্ত্রণ জানানো হয়।
সন্তানদের নিয়ে কালো রংয়ের পোশাক ও জিনস পরা রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও মাঠে ঢোকেন। রোনালদো এরপর মাইক্রোফোন হাতে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান আল নাসর সমর্থকদের প্রতি।