ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: দ্য গার্ডিয়ান
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বড়সড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ও দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে উত্তর লন্ডনের ক্লাবটি।২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমের পর। নতুন চুক্তি নিয়ে এখনও সমঝোতা না হওয়ায় সেই সুযোগটিই কাজে লাগাতে চায় আর্সেনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, দলবদল মৌসুমে একজন বিশ্বমানের উইঙ্গার দলে নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। সম্প্রতি রজার্স রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ায় বিকল্প পরিকল্পনা হিসেবে ভিনিসিয়ুসের দিকে মনোযোগ বাড়িয়েছে গানাররা।
দ্য অ্যাথলেটিক-এর দাবি, ভিনিসিয়ুস যদি রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত না হন, তাহলে তাকে দলে আনতে সর্বাত্মক চেষ্টা করবে আর্সেনাল। যদিও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।