নেইমার জুনিয়র। ছবি: চোসান
শেষ হওয়া বিশ্বকাপের তিক্ত বিদায়ের হতাশা মাঠেই ঝেড়ে ফেললেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে স্বপ্নভঙ্গের পর ক্লাব ফুটবলে ফিরেই নিজের পুরনো ছন্দের ইঙ্গিত দিলেন এই তারকা ফরোয়ার্ড। জোড়া গোল করে সান্তোসকে হার থেকে রক্ষা করলেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি।
ব্রাজিলিয়ান সিরি’আ লিগে চাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সান্তোসকে।
শনিবার রাতে এস্তাদিও উরবানো কালদেরায় অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থেকে আক্রমণভাগের নেতৃত্ব দেন নেইমার। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেন তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে সান্তোসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫১তম মিনিটে সমতায় ফেরে চাপেকোয়েন্স। এরপর ৬২তম মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস। হার যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নেইমার। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতা ফেরান তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই শেষ হয় রোমাঞ্চকর লড়াই।
স্কোরশিটে নাম তোলার পাশাপাশি পুরো ম্যাচেই ছিলেন নেইমারের উজ্জ্বল উপস্থিতি ছিল। সফাস্কোরের মূল্যায়নে ৯.৪ রেটিং পাওয়া নেইমার ম্যাচে মোট ৯টি শট নেন, যার ৫টি ছিল লক্ষ্যে। তার প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ১.২০, যা তার আক্রমণাত্মক উপস্থিতিরই প্রতিফলন।
গোল করার বাইরে খেলায়ও ছিল তার দারুণ প্রভাব। ৬২টি পাসের মধ্যে ৪৮টি সফলভাবে সম্পন্ন করেন। প্রতিপক্ষের অর্ধে ৫৯টি পাস দেওয়ার মধ্যে ৪৫টিই পৌঁছায় সতীর্থদের কাছে। এ ছাড়া দুটি গুরুত্বপূর্ণ ‘কী পাস’ দিয়ে একাধিক আক্রমণের সূচনা করেন তিনি।
নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের বিদায়ের পর এটিই ছিল নেইমারের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। জাতীয় দলের হতাশা পেছনে ফেলে ক্লাবে ফিরেই জোড়া গোল করে তিনি বুঝিয়ে দিয়েছেন, কঠিন সময় তাকে থামিয়ে রাখতে পারেনি।
চলতি ব্রাজিলিয়ান সিরি’আ লিগে নেইমারের পারফরম্যান্সও নজরকাড়া। এখন পর্যন্ত ৯ ম্যাচে তিনি করেছেন ৬ গোল, সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট। এ ছাড়া সতীর্থদের জন্য ১৯টি ‘কী পাস’ তৈরি করেছেন। গোলের উদ্দেশ্যে নিয়েছেন ৩০টি শট, যার ১২টি ছিল লক্ষ্যে। পেনাল্টি থেকেও শতভাগ সফল তিনি। দুটি সুযোগ পেয়েই করেছেন দুটি গোল।