ইউএস বাংলা-প্রতিদিনের বাংলাদেশ
কুইজের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপুসহ পত্রিকার সর্বস্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ আয়োজন শেষ হয়েছে। মাঠের উত্তেজনা থেমেছে, গ্যালারিও নিস্তব্ধ। ফুটবলভক্ত কোটি মানুষও খেলার আবেগ-উচ্ছ্বাস পেছনে ফেলে ফিরে যাচ্ছে দৈনন্দিন জীবনে।
তবে বিশ্বকাপের সেই রোমাঞ্চ শেষ হয়েও যেন হয়নি শেষ। তার প্রমাণ মিলল রবিবার প্রতিদিনের বাংলাদেশ কার্যালয়ে।
এদিন আরও একবার বিশ্বকাপের আলো জ্বলে উঠল বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে। কয়েক সপ্তাহ ধরে চলা এই আয়োজনে অংশ নিয়ে পুরস্কার জিতে নিলেন দুই সৌভাগ্যবান পাঠক।
কুইজের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপুসহ পত্রিকার সর্বস্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্বকাপজুড়ে পাঠকদের বিপুল অংশগ্রহণে আয়োজিত কুইজের শেষ পর্বে ছিল উৎসবমুখর পরিবেশ। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সবার উপস্থিতিতেই লটারির মাধ্যমে নির্বাচন করা হয় দুই বিজয়ীকে।
ড্রয়ের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা। উপস্থিত অতিথি, কর্মকর্তা এবং আয়োজকদের চোখ তখন দুটি নামের অপেক্ষায়। অবশেষে নির্ধারিত প্রক্রিয়ায় প্রথমে উঠে আসে দ্বিতীয় সৌভাগ্যবান পাঠকের নাম। কিছুক্ষণ পর নির্বাচিত হন প্রথম বিজয়ী। মুহূর্তেই করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রথম পুরস্কার বিজয়ী মো. সাদ্দাম হোসেন মিয়াজী ও দ্বিতীয় বিজয়ী রোকেয়া আক্তার। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে এরপর। ড্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুই বিজয়ীকে ফোনের মাধ্যমে খবর জানানো হয়। পুরস্কার জয়ের খবরে ফোনের ওপারে প্রথমে ছিল কিছুটা বিস্ময় এবং শেষ পর্যন্ত তা রূপ নেয় উচ্ছ্বাসে।
প্রথম বিজয়ী মো. সাদ্দাম হোসেন মিয়াজী একজন চাকরিজীবী। তিনি পেয়েছেন ঢাকা-ব্যাংকক রুটের রিটার্ন টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী রোকেয়া আক্তার, একজন গৃহিণী। তিনি পেয়েছেন ঢাকা-কক্সবাজার (কাপল) রিটার্ন টিকিট। দুটি টিকিটই ছিলল ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে।
দুই বিজয়ীই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই বিশ্বকাপজুড়ে নিয়মিত কুইজে অংশ নিয়েছিলেন। পুরস্কার পাওয়ার বিষয়টি তাদের কাছে এক অপ্রত্যাশিত আনন্দের উপলক্ষ হয়ে এসেছে।
অনুষ্ঠানে উপস্থিত সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, পাঠকদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতেই এমন আয়োজন করা হয়েছিল। একটি সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশনই করে না; পাঠকের সঙ্গে আবেগেরও একটি সেতুবন্ধ গড়ে তোলে। বিশ্বকাপ কুইজ ছিল সেই সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তোলার একটি প্রয়াস। বিশ্বকাপ ঘিরে পাঠকদের যে ব্যাপক সাড়া পাওয়া গেছে, তা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে উৎসাহ জোগাবে আমাদের।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যেমন কোটি মানুষের মনে উত্তেজনা ছড়িয়েছে, তেমনি কুইজেও অংশ নিয়ে অসংখ্য পাঠক নিজেদের ফুটবলজ্ঞান যাচাই করেছেন। কেউ হয়েছেন বিজয়ী, কেউ পাননি পুরস্কার। কিন্তু অংশগ্রহণের আনন্দে সবাই ছিলেন একই পরিবারের সদস্য।
ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্বকাপ কুইজ। কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য রেখে গেল একঝাঁক স্মৃতি, কিছু আনন্দময় মুহূর্ত এবং দুটি পরিবারের জন্য এনে দিল বিশেষ এক সুখবর।
বিশ্বকাপের ট্রফি যেমন একদিন কোনো-না কোনো দলের হাতে ওঠে, তেমনি ভাগ্যের ট্রফিটিও সেদিন উঠে গেল দুই সৌভাগ্যবান পাঠকের হাতে। আর সেই মুহূর্তটি সাক্ষী হয়ে রইল প্রতিদিনের বাংলাদেশ-পাঠক আর ফুটবলের প্রতি ভালোবাসার এক সুন্দর মিলনমেলার।