দীর্ঘ হচ্ছে টাইগারদের চোটের তালিকা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৮:৫৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৯:০১ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। ফাইল ছবি
অস্ট্রেলিয়া সফরের আগেই ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দেশসেরা গতিময় পেসার নাহিদ রানা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন সূত্র শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে চোটে (সাইড স্ট্রেইন) পড়েন রানা। এরপর থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সফরে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
জিম্বাবুয়ে সফর শেষে গত বুধবার বিকালে দেশে ফেরার পর রানার স্ক্যান করানো হয়, যার ফল সেই শঙ্কাকেই বাস্তবে রূপ দিয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার নাহিদ রানার চোট নিয়ে বলেন, ‘ চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না নাহিদ রানার।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মেডিকেল বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলে বর্তমানে ছোট-বড় নানা ধরনের চোটে ভুগতে থাকা ক্রিকেটারের সংখ্যা মোট পাঁচজন।
সবশেষ চোট পেয়েছেন পেসার নাহিদ রানা। ডানহাতি পেসার নাহিদ রানা গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালে শরীরের বাম পাশের পেশিতে চোট পান। পরবর্তী পরীক্ষায় তার দ্বিতীয় মাত্রার পেশি টান ধরা পড়েছে। ফলে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না। বিসিবির চিকিৎসকদের মতে, ক্ষতিগ্রস্ত পেশি পুরোপুরি সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর ধাপে ধাপে বোলিংয়ের চাপ বাড়াতে আরও দুই থেকে চার সপ্তাহ লাগবে। সব মিলিয়ে তার সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
বাঁহাতি পেসার শরিফুল ইসলাম গত ১৪ জুলাই বাম ঊরুর পেছনের পেশিতে প্রথম মাত্রার চোট পান। বর্তমানে তিনি পুনর্বাসন কার্যক্রমে ভালো অগ্রগতি করছেন। তিনি আগামী ২৯ জুলাই থেকে বোলিং শুরু করবেন। এরপর ১২ আগস্টের দিকে তার শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা কম। তবে পুনর্বাসন সফলভাবে শেষ করে চিকিৎসকদের অনুমতি পেলে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ থাকতে পারে।
উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস বাম পায়ের পেশির চোট থেকে সেরে উঠছেন। সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি গত শুক্রবার প্লেটলেট-সমৃদ্ধ রক্তরস চিকিৎসা গ্রহণ করেছেন।
তিনি ২৮ জুলাই থেকে ধাপে ধাপে দৌড় ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির অনুশীলন শুরু করবেন। ১৩ আগস্টের দিকে তার ফিটনেস পরীক্ষা হবে। পুনর্বাসন সফলভাবে শেষ করে চিকিৎসকদের অনুমতি পেলে দ্বিতীয় টেস্ট থেকে তিনি নির্বাচনের জন্য বিবেচিত হবেন। ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। সাম্প্রতিক পরীক্ষা ও বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, তিনি পুনর্বাসন চালিয়ে যাবেন এবং আট থেকে দশ সপ্তাহ পর আবার পরীক্ষা করা হবে। তার হাড়ের চোট কতটা সেরে ওঠে, তার ওপর মাঠে ফেরার সময় নির্ভর করবে। বর্তমানে চলতি বছরের শেষ দিকে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ডান ঊরুর পেছনের পেশি ও পায়ের পেশির চোট থেকে সেরে উঠছেন। তিনি প্রতিদিন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং জুলাই মাসের শেষ দিকে তার শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী বোলিংয়ের অনুশীলন সম্পন্ন করতে পারলে ১৮ আগস্ট ২০২৬-এর পর থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় দলের জন্য নির্বাচনের উপযোগী হবেন।
চোট পাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে শনিবার মিরপুরে হালকা অনুশীলন করতে দেখা গেছে। এ সময় তার সাথে অনুশীলন করেছেন পেসার মোস্তাফিজুর রহমানও। দলের সেরা পেসারদের চোটের কারণে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে প্রস্তুত রাখছে দুই ডানহাতি পেসার ইবাদত হোসেন ও হাসান মাহমুদকে। তাদের মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) খেলা শেষে গত শুক্রবারই দেশে ফিরেছেন পেসার হাসান।
অন্যদিকে পারিবারিক কারণে শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ইবাদত এখন ইতালিতে অবস্থান করছেন। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দেশে ফিরলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এ ছাড়া বিসিবির একাধিক সূত্র জানায়, ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে ইচ্ছুক ইবাদত। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। সফরে আগামী আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে। তার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।