ক্রীড়াঙ্গনকে একদিন বিদায় বলতেই হয়। সময়ের সবচেয়ে নির্মম সত্যটি লিওনেল মেসিও জানেন। সেই সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন। তবু এখনই আকাশি-সাদা জার্সিটি তুলে রাখছেন না তিনি। কারণ নিজের শেষ অধ্যায়ের আগে আর্জেন্টিনার জন্য আরও একটি দায়িত্ব পালন করতে চান, নতুন প্রজন্মের হাতে নিরাপদে তুলে দিতে চান জাতীয় দলের ভবিষ্যৎ।
আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের দাবি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন ৩৯ বছর বয়সী মেসি। তবে বিদায়টা হবে না এখনই। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করেই আরও কয়েক মাস দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক।
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। আটটি গোল করার পাশাপাশি চারটি গোলে সরাসরি সহায়তা করেছেন। তৈরি করেছেন আরও অসংখ্য গোলের সুযোগ। বিশ্বকাপে গোল্ডেন বল তার হাতে শোভা না পাওয়ায় ফুটবল দুনিয়ায় কম বিতর্ক হয়নি। এমন পারফরম্যান্সের পরও প্রশ্ন ছিল একটাই মেসি কি আর্জেন্টিনার হয়ে আর খেলবেন? সেই প্রশ্নের উত্তর আপাতত ‘হ্যাঁ’।
তবে এই ‘হ্যাঁ’ ভবিষ্যতের জন্য নয়, বরং একটি পরিবর্তনের সময়কে সহজ করে দেওয়ার জন্য। বিশ্বকাপ শেষে স্কালোনি নতুন করে দল গঠনের পরিকল্পনা হাতে নিয়েছেন। বর্তমান দলে ৩৫ বছরের বেশি বয়সী কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছেন। ফলে ধীরে ধীরে তাদের জায়গায় তরুণদের তুলে আনার প্রক্রিয়া শুরু করতে চান তিনি। একসঙ্গে পুরো দল বদলে ফেলার পক্ষে নন আর্জেন্টাইন কোচ। আর সেই রূপান্তরের সময়টাতেই পাশে থাকতে চান মেসি।
নিজের অভিজ্ঞতা, নেতৃত্ব আর উপস্থিতি দিয়ে তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবেন তিনি। নতুন দলটি আত্মবিশ্বাসী ও প্রস্তুত হয়ে উঠেছেÑ এমন বিশ্বাস জন্মালেই আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানাবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।
তবে একটি বিষয় স্কালোনিকে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন মেসি। ২০৩০ সালের বিশ্বকাপে তিনি খেলবেন না। ভবিষ্যতের সব পরিকল্পনা যেন তাকে ছাড়া করা হয়, সেই অনুরোধও করেছেন কোচের কাছে। একই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের কাছেও।
এএফএর পরিকল্পনাও প্রস্তুত। মেসি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেই তার জন্য আয়োজন করা হবে বিশেষ বিদায়ী ম্যাচের। দেশের মাটিতে, হাজারো সমর্থকের সামনে, শেষবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে মাঠে নামবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে কবে হবে সেই দিন, তার সিদ্ধান্ত পুরোপুরিই মেসির হাতে ছেড়ে দিতে চায় আর্জেন্টাইন ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনিও একই বার্তা দিয়েছিলেন। তার ভাষায়, মেসিই ঠিক করবেন কবে বিদায় বলবেন। যত দিন না তিনি নিজে সরে দাঁড়ান, তত দিন জাতীয় দলের দরজা তার জন্য খোলা থাকবে।
তাই হয়তো বিদায়ের ঘনঘটা শুরু হয়েছে, কিন্তু শেষ বাঁশিটি এখনও বাজেনি। আর্জেন্টিনার ফুটবল-আকাশে মেসির আলো নিভতে আর বেশি দেরি নেই। তবে বিদায়ের আগে তিনি নিশ্চিত করে যেতে চান, তার পরেও যেন আকাশি-সাদা স্বপ্নের আলো কখনও না নেভে।