নতুন কুঁড়ি স্পোর্টস
শুক্রবার নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
শুক্রবার নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল।
ফাইনালে সাদিদ ঝড়
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহীর ছেলেরা। এই রান-পাহাড়ের নেপথ্যে ম্যাচসেরা শারাফাত সাদিদ। মাত্র ২৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কায় অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। মাঝপথে বৃষ্টি হানা দিলে খেলা নেমে আসে ৩ ওভারে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। সেই লক্ষ্য ছুঁতে পারেনি রংপুর। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে তারা। শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।
ব্যাটিংয়ে উজ্জ্বল আথাই ও বোলিংয়ে রিয়া
বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল হয় ৫ ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ইনিংসের তৃতীয় বলে রওনক জাহান নওশিন এবং এরপর উইকেটকিপার আফরোজা জাহান মিমÑ এ দুজনকে ফেরান নুসরাত জাহান জুথি। এরপর হাল ধরেন অধিনায়ক আফনান জামান আথাই। ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে ভর করে ৪ উইকেটে ৪৮ রানের পুঁজি পায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে বোল্ড করেন রিয়া। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। মাঝে পরপর তিন রানআউটে ভেঙে পড়ে ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ। একপর্যায়ে ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ময়মনসিংহ। ৬ উইকেটে ২৯ রান তুলে থামে তাদের ইনিংস। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিয়া মনি।
ব্যাডমিন্টনে খুলনার মেয়ে রাহমার ডাবল ক্রাউন জয়
ব্যাডমিন্টনের কোর্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন খুলনার উদীয়মান শাটলার রাহমা জান্না। টুর্নামেন্টে দুর্দান্ত ও একক আধিপত্য বজায় রেখে বালিকা একক এবং বালিকা দ্বৈত- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হন তিনি।
বালিকা এককের ফাইনালে কুমিল্লা অঞ্চলের প্রতিদ্বন্দী নুসরাত জাহানের মুখোমুখি হন রাহমা জান্না। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেটে ২১-১৭ পয়েন্টে জয় পাওয়ার পর, দ্বিতীয় সেটেও নিজের স্নায়ুচাপ ধরে রাখেন তিনি। শেষ পর্যন্ত ২২-২০ পয়েন্টের ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে বালিকা এককের মুকুট পরে নেন এই খুলনার শাটলার।
দ্বৈত বিভাগেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন রাহমা। ফাইনালে ফরিদপুর অঞ্চলের আয়শা খানম ও হোমায়রা হাসান জুটিকে পাত্তাই দেননি খুলনার রাহমা জান্না ও তাসনিয়া ইসলাম জুটি। শুরু থেকে আক্রমণাত্মক খেলে সরাসরি সেটে ২১-১১ ও ২১-১৬ পয়েন্টে জয় ছিনিয়ে নিয়ে নিজের ডাবল ক্রাউন নিশ্চিত করেন রাহমা ও তাসনিয়া জুটি।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নজর কেড়েছে বালক বিভাগেও। একক এবং দ্বৈতÑ উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের উদীয়মান শাটলাররা।
বালক এককের ফাইনালে খুলনা অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শেখ মো. তানভীরের মুখোমুখি হয় চট্টগ্রাম অঞ্চলের রুদ্র ত্রিপুরা। ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত গতি ও শট খেলে নিয়ন্ত্রণ বজায় রাখেন রুদ্র। শেষ পর্যন্ত ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হন এই তরুণ শাটলার।
এককের ফাইনালে হারের আক্ষেপ দ্রুতই ঘুচিয়ে নেন খুলনার তানভীর। দ্বৈতের ফাইনালে চট্টগ্রাম অঞ্চলের রুদ্র ত্রিপুরা ও প্রানন চাকমা জুটিকে কঠিন লড়াইয়ে হারিয়ে দেন তানভীর ও রিফাতুল ইসলাম জুটি। প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ২১-১৭ ও ২১-১১ পয়েন্টে জয় ছিনিয়ে নিয়ে বালক দ্বৈতের শিরোপা নিজেদের করে নেয় তানভীর-রিফাতুল জুটি।