× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে জার্মানির ডাগআউটে ক্লপ, শুরু নতুন অধ্যায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২১:২৬ পিএম

ইয়ুর্গেন ক্লপকে জার্মান জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ছবি: দ্য রাইজিং নেপাল

ইয়ুর্গেন ক্লপকে জার্মান জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ছবি: দ্য রাইজিং নেপাল

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। কয়েক দিন ধরেই মৌখিক সমঝোতার খবর ভেসে বেড়াচ্ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইয়ুর্গেন ক্লপকে জার্মান জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ডিএফবি জানায়, ৫৯ বছর বয়সী এই কোচের সঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে। অর্থাৎ মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্বে থাকবেন ক্লপ।

ফ্রাঙ্কফুর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএফবি সভাপতি বার্নড নয়েনডর্ফ বলেন, “ইয়ুর্গেন ক্লপকে আমাদের নতুন জাতীয় দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং জয়ের মানসিকতা জার্মান ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি।”

নতুন দায়িত্ব পেয়ে আবেগ লুকাননি ক্লপও। তিনি বলেন, “জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, অন্য কিছু তা পারে না। তাই এই দায়িত্ব আমার কাছে বিশেষ সম্মানের।”

লিভারপুলে ৯ বছরের সফল অধ্যায়ের পর ২০২৩-২৪ মৌসুম শেষে ক্লান্তির কথা বলে কোচিং থেকে বিরতি নেন ক্লপ। তার অধীনে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল অলরেডরা। এরপর ২০২৪ সালের অক্টোবরে রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হিসেবে মাল্টি-ক্লাব ব্যবস্থাপনায় কাজ শুরু করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপেও একটি জার্মান টেলিভিশন চ্যানেলের বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার আবারও মাঠের ডাগআউটে ফিরছেন বিশ্বের অন্যতম সফল এই কোচ। তবে ক্লাব নয়, এবার তার মিশন জাতীয় দল ঘিরে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ফুটবলে নিজেদের হারানো আধিপত্য ফিরিয়ে আনাই হবে ক্লপের সবচেয়ে বড় লক্ষ্য। টানা হতাশার পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন জার্মান সমর্থকরাও। সেই স্বপ্নের প্রথম পরীক্ষা হবে আগামী ২৪ সেপ্টেম্বর, উয়েফা নেশনস লিগে চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের বিপক্ষে।

এরপর ইউরো ২০২৮-এর বাছাইপর্বে ‘এ২’ গ্রুপে গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে লড়বে জার্মানি। তবে ক্লপের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে ২০৩০ সালের বিশ্বকাপ। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে পারবেন কি না, সেই উত্তর মিলবে আগামী কয়েক বছরে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা