× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজিনহার পরিবারের জন্য ফাইনালের টিকিট পাঠিয়েছিলেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:৪০ পিএম

লিওনেল মেসি ও ভোজিনহা। ছবি: ইয়াহু স্পোর্টস

লিওনেল মেসি ও ভোজিনহা। ছবি: ইয়াহু স্পোর্টস

মাঠের লড়াই শেষ হয়ে যায় ৯০ কিংবা ১২০ মিনিটে। কিন্তু প্রকৃত মহাতারকারা প্রতিপক্ষের অসাধারণ পারফরম্যান্সকে মনে রাখেন অনেক দিন। লিওনেল মেসি আবারও সেই উদাহরণই তৈরি করলেন।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারের জন্য বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট পাঠিয়েছিলেন মেসি।

গোল ডট কম জানিয়েছে, কেপ ভার্দে থেকে ভোজিনহার পরিবারের চার সদস্য যাতে বিশ্বকাপের ফাইনাল সরাসরি দেখতে পারেন, সেই পুরো ব্যবস্থাই করেছিলেন মেসি। শুধু টিকিটই নয়, তাদের যাতায়াতের ব্যবস্থাও করে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে পুরো বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর ভোজিনহার পরিবারের এক সদস্য বিষয়টি প্রকাশ করলে ঘটনাটি সামনে আসে। পরে মেসির এই উদ্যোগ সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত গোলরক্ষণের নৈপুণ্য দেখিয়েছিলেন ভোজিনহা। একের পর এক দৃষ্টিনন্দন সেভ করে তিনি আর্জেন্টিনার আক্রমণভাগকে দীর্ঘ সময় আটকে রেখেছিলেন। ম্যাচ শেষে তার সেই পারফরম্যান্সের প্রশংসা করেন মেসি।

ভোজিনহা পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ম্যাচ শেষে মেসি তাকে জড়িয়ে ধরে বলেন, “তুমি খুব ভালো খেলেছ। তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করবে”।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার কাছে আজীবনের প্রাপ্তি বলেও মন্তব্য করেছিলেন কেপ ভার্দের এই গোলরক্ষক।

সেই ম্যাচেই মেসির সঙ্গে জার্সি বিনিময়ের স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন ভোজিনহা। তার ভাষায়, তিনি মেসির কাছে জার্সি চাইলে আর্জেন্টাইন অধিনায়ক সংবাদমাধ্যমের দায়িত্ব শেষ করার পর প্রতিশ্রুতি অনুযায়ী নিজের জার্সি তাকে উপহার দেন। ভোজিনহার মতে, সেটি তার ফুটবল জীবনের অন্যতম মূল্যবান স্মারক।

পুরো বিশ্বকাপে ১২টি সেভ করে নজর কাড়েন ভোজিনহা। তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে মেসি নাকি নিজের ক্লাব ইন্টার মায়ামিকেও আগামী মৌসুমে তাকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

তবে দলবদলের আলোচনা সত্যি হোক বা না হোক, প্রতিপক্ষের প্রতি মেসির এই সম্মান ও মানবিক আচরণ আবারও প্রমাণ করল, মহান ফুটবলার হওয়ার পাশাপাশি একজন মহান মানুষ হিসেবেও তিনি সমান উজ্জ্বল। মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে ভোজিনহা ও তার পরিবারের প্রতি যে সম্মান দেখিয়েছেন, সেটিই বিশ্ব ফুটবলে ক্রীড়াসুলভ মানসিকতার আরেকটি অনন্য উদাহরণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা