× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলে দুই বিভাগেই জয়ী খুলনা-রংপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২২:১৬ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ২২:১৭ পিএম

ফুটবলে বালিকা বিভাগে ঢাকাকে ১-০ গোলে হারানোর পর খুলনার উল্লাস। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ফুটবলে বালিকা বিভাগে ঢাকাকে ১-০ গোলে হারানোর পর খুলনার উল্লাস। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

রাজধানী ঢাকায় ২০ জুলাই থেকে শুরু হয়েছে নতুন কুঁড়ি ২০২৫-২০২৬ জাতীয় পর্বের খেলা। বুধবার তৃতীয় দিনে তিনটি ডিসিপ্লিনের খেলা তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় দারুণ এক রোমাঞ্চকর জয় পেয়েছে খুলনা অঞ্চল। ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের দিনের প্রথম ম্যাচে ঢাকা অঞ্চলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় খুলনা অঞ্চল। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। ম্যাচের ১৬ মিনিটে নাঈম হাসানের গোলে প্রথমে এগিয়ে যায় খুলনা অঞ্চল। তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ঢাকা। ২২ মিনিটে ঢাকার পক্ষে সমতা আনেন জুনায়েদ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে ৩০ মিনিটে শামীম হাসান গোল করে আবারও খুলনাকে এগিয়ে দেন (২-১)। কিন্তু ম্যাচের ৩২ মিনিটে ঢাকার মিরাজ গোল করে স্কোরলাইন ২-২ সমতায় আনেন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে স্নায়ুচাপ ধরে রেখে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা অঞ্চল।

দিনের দ্বিতীয় খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর ও চট্টগ্রাম অঞ্চল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চট্টগ্রামকে ৩-১ গোলে পরাজিত করে জয় তুলে নেয় রংপুর অঞ্চল।

বালিকা বিভাগের ম্যাচেও ঢাকাকে হারিয়েছে খুলনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে খুলনা অঞ্চল ১-০ গোলে ঢাকাকে হারায়। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে খুলনার অধিনায়ক সিথি বিশ্বাস দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন। দিনের আরেক ম্যাচে মার্জিয়া ও সুমাইয়ার গোলে রংপুর ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রামকে।

ক্রিকেট: ক্রিকেটের বালক ও বালিকা বিভাগের চার কোয়ার্টার ফাইনালেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ ১০ ওভার করে হলেও বাকি তিন ম্যাচের দুটির ভাগ্য নির্ধারিত হয় টসে। অন্যটির ফলাফল ঠিক হয় বৃষ্টি আইনে। ছেলেদের বিভাগে সেমিফাইনালের টিকিট কেটেছে রংপুর ও সিলেট। আর মেয়েদের বিভাগে শেষ চারে পৌঁছেছে চট্টগ্রাম ও ঢাকা।

ছেলেদের বিভাগে কুমিল্লার বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে রংপুর। টসে হেরে কুমিল্লা ৯.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন। রংপুরের শাহিন ইসলাম শাহি মাত্র ২ রানে নেন ২ উইকেট। সহজ লক্ষ্য তাড়া করতে নামা রংপুরকে ১০ উইকেটের জয় এনে দেন অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের উদ্বোধনী জুটি। ৮.৩ ওভারে লক্ষ্যে পৌঁছানোর পথে সাকিব ২৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৭ ও ইলমান ১৮ রানে অপরাজিত থাকেন।

মেয়েদের বিভাগে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে চট্টগ্রাম। টসে জিতে ব্যাটিং নেওয়া কুমিল্লা ইনিংসের প্রথম বলেই অধিনায়ক হাফসা আক্তারকে হারায়। এরপর রুম্মান ইসলাম সাইকাও রানের খাতা না খুলেই ফেরেন। ৪ রানে ২ উইকেট হারানোর পরই নামে বৃষ্টি, আর ডিএলএস পদ্ধতিতে ম্যাচ নেমে আসে মাত্র ৩ ওভারে। তিন উইকেট হারিয়ে কুমিল্লা তোলে মাত্র ১৬ রান। যার মধ্যে ৯ রানই এসেছে অতিরিক্ত থেকে। ১৭ রানের সহজ লক্ষ্য এক উইকেট হারিয়ে আট বলেই তুলে ফেলে চট্টগ্রাম।

দিনের বাকি দুই ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। তাই ফল নির্ধারণ হয় কয়েন টসে। মেয়েদের বিভাগে সিলেটকে হারিয়ে টসে হারায় ঢাকা, আর ছেলেদের বিভাগে ঢাকাকে টস ভাগ্যে হারায় সিলেট।

কাবাডি: মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাবাডির বালক ও বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। বালক বিভাগের তিন কোয়ার্টার ফাইনালের প্রথমটিতে ৪৩-৪১ পয়েন্টে বরিশালকে হারায় রাজশাহী। খুলনা মাত্র ১ পয়েন্টের ব্যবধানে (৪৬-৪৫ পয়েন্ট) হারায় সিলেটকে। রংপুর ৬৪-৩৮ পয়েন্টের বড় ব্যবধানে কুমিল্লাকে হারায়।

বালিকা বিভাগের প্রথম কোয়ার্টার ফাইনালে ৫৮-১৫ পয়েন্টে বরিশালকে উড়িয়ে দেয় রাজশাহী। ৫৩-৩৬ পয়েন্টে সিলেটকে হারায় খুলনা। ৪৬-৩০ পয়েন্টে কুমিল্লাকে হারায় রংপুর এবং ৪২-৩২ পয়েন্টে ফরিদপুরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ময়মনসিংহ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা