× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা হারায় না ট্রফি হারালেও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৩:৫৮ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৪:২১ পিএম

লিওনেল মেসে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

লিওনেল মেসে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে যে উন্মাদনা দেখা গিয়েছিল, ২০২৬ বিশ্বকাপ শেষে তার সম্পূর্ণ বিপরীত এক দৃশ্যের সাক্ষী হলো দেশটি। এবার হাতে ট্রফি ছিল না, ছিল না বিজয় মিছিল কিংবা উন্মুক্ত বাসে লাখো মানুষের সঙ্গে উদ্‌যাপন। ছিল শুধু অপূর্ণ স্বপ্নের কষ্ট, তবুও ছিল অকৃত্রিম ভালোবাসা।

কারণ, রানার্সআপ হয়েও লিওনেল স্কালোনির দলকে আপন করে নিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করার একদিন পর দলের একটি বড় অংশ নিউইয়র্ক থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেয়। তাদের বহনকারী বিমান বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়।

তবে পুরো দল একসঙ্গে দেশে ফেরেনি। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের একটি অংশ সরাসরি নিজ নিজ ক্লাব বা বিশ্রামের গন্তব্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে আলবিসেলেস্তেদের প্রত্যাবর্তন ছিল অনেকটাই অসম্পূর্ণ।

সবচেয়ে বড় অনুপস্থিতির নাম অবশ্যই লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক দলের সঙ্গে দেশে ফেরেননি। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রেই থেকে যান এবং পরে পরিবারের কাছে যাওয়ার পরিকল্পনা করেন। মেসির সঙ্গে রদ্রিগো ডি পলও আর্জেন্টিনায় ফেরেননি। মেসি অবশ্য একদিন পর ফিরেছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা, ফ্রাঙ্কো রুলি, নিকো পাজসহ আরও কয়েকজন খেলোয়াড়ও দলের সঙ্গে একই বিমানে ফেরেননি; তারা সরাসরি ক্লাব কিংবা ছুটির গন্তব্যে রওনা দেন।

তবুও যারা ফিরেছেন, তাদের অভ্যর্থনা জানাতে এজেইজা বিমানবন্দরের বাইরে সকাল থেকেই জড়ো হন শত শত সমর্থক। কারও হাতে আর্জেন্টিনার পতাকা, কারও গায়ে দলের জার্সি। অনেকেই বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন শুধু এক ঝলক প্রিয় ফুটবলারদের দেখার জন্য। বিমানবন্দর থেকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রশিক্ষণকেন্দ্র পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান। এবার অবশ্য কোনো গণসংবর্ধনা হয়নি। বিশ্বকাপ জয়ের পর যেমন রাজধানীজুড়ে উৎসব হয়েছিল, এবার তেমন কোনো আয়োজন করা হয়নি। এএফএও স্পষ্ট জানিয়ে দেয়, ফাইনালের হতাশার পর বড় ধরনের জনসমাগম বা উদ্‌যাপন হবে না।

তবে উৎসব না থাকলেও ভালোবাসার অভাব ছিল না। সমর্থকদের কণ্ঠে ছিল একটাই বার্তা-‘ধন্যবাদ’। অনেকের চোখে জল, আবার অনেকের মুখে গর্বের হাসি। কারণ, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং শিরোপার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করাকেই তারা বড় অর্জন হিসেবে দেখছেন।

মেসির বার্তা

ফাইনালের পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তাও দিয়েছেন লিওনেল মেসি। তিনি লিখেছেন, এই পরাজয়ের ক্ষত সারতে সময় লাগবে, কিন্তু দলের জন্য তিনি গর্বিত। সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে স্পেনকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে এবং পুরো দেশকে আবারও এক সুতোয় গেঁথে দিয়েছে।

২০২২ সালে ট্রফি নিয়ে দেশে ফিরেছিল আর্জেন্টিনা। ২০২৬ সালে ফিরেছে ট্রফি ছাড়া। কিন্তু দুই প্রত্যাবর্তনের মধ্যে একটি মিল ছিলÑ সমর্থকদের ভালোবাসা। ট্রফি হারিয়ে যেতে পারে, শিরোপা হাতছাড়া হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া দলকে হারানো যায় না।

স্পেন বিশ্বকাপ জিতেছে। কিন্তু আর্জেন্টিনা দেশে ফিরেছে মাথা নত করে নয়, বরং কোটি সমর্থকের ভালোবাসার আমেজ কাঁধে নিয়ে। আর সেটিই হয়তো এই পরাজিত দলের সবচেয়ে বড় বিজয়।

ফাইনালের আগে মেসির কথা নিয়ে রহস্য

ফাইনালের আগে আর্জেন্টিনা ফুটবল দলের ড্রেসিং রুমের পরিবেশ স্বাভাবিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দলটি ফাইনালে সবাইকে হতাশ করে। পুরো ১২০ মিনিটের ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি আলবিসেলেস্তারা; সম্পূর্ণ নিষ্প্রভ ছিলেন অধিনায়ক লিওনেল মেসি নিজেও।  

ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচ শুরুর ঠিক আগের একটি ড্রেসিংরুম ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনভিপ্রেত ঘটনার পর সতীর্থদের শান্ত করার চেষ্টা করছেন মেসি। ভিডিওতে অধিনায়ককে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও, ভাইয়েরা। শান্ত থাকো, মাথা ঠান্ডা রাখো। আমরা শুধু খেলা নিয়ে ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। যা ঘটেছে সব ভুলে যাও, সবকিছু ভুলে যাও। চলো আমরা কেবল খেলায় মনোনিবেশ করি।’  

মাঠে স্পেনের আধিপত্য নিয়ে সন্দেহ না থাকলেও, আর্জেন্টিনা যেভাবে ফাইনালে আত্মসমর্পণ করেছে, তা সমর্থকদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঠে একাধিক খেলোয়াড়ের হতাশাগ্রস্ত অভিব্যক্তি, মেসির আকুল বক্তব্য এবং পরবর্তী মাঠের পারফরম্যান্স; সব মিলিয়ে জোর গুঞ্জন ও একাধিক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীদের অনেকের মতে, ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ড্রেসিংরুমে অপ্রত্যাশিত কিছু নিশ্চিতভাবেই ঘটেছিল, যার প্রভাব পড়েছে তাদের খেলায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা