× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিওনেল মেসি

চিরকালের মহানায়ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৯:২০ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৯:৩১ পিএম

বিশ্বকাপ ব্যর্থতার পরও মেসির প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের, তাদের হৃদয়ে তিনিই চিরকালের মহানায়ক। ছবি: বিলেচ্যার রিপোর্ট

বিশ্বকাপ ব্যর্থতার পরও মেসির প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের, তাদের হৃদয়ে তিনিই চিরকালের মহানায়ক। ছবি: বিলেচ্যার রিপোর্ট

বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে। স্বপ্ন ছিল ইতিহাস গড়ারÑ পরপর দুইবার বিশ্বকাপ জয়ের। কিন্তু লিওনেল মেসির সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে স্পেন। মাঠে নিজের স্বাভাবিক জাদু দেখাতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। গোটা ম্যাচেই ছিলেন অনেকটা নিষ্প্রভ।

শেষ বাঁশি বাজার পর গলায় রানার্স-আপের পদক, চোখে অপূর্ণতার ছাপ আর হৃদয়ে আরেকটি হার। তবে এই ব্যর্থতার পরও মেসির প্রতি ভালোবাসা একটুও কমেনি ভক্তদের। তাদের হৃদয়ে তিনিই চিরকালের মহানায়ক।

এদিকে ফাইনাল শেষে  দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। হারের হতাশা লুকোননি মেসি। খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুব দুঃখ হচ্ছে। এ কথা বলতে পারি যে আমরা নিজেদের সেরাটা দিয়েছি।’

প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বও অকপটে স্বীকার করেছেন তিনি। মেসির ভাষায়, ‘সত্যি বলতে, ওরা আমাদের থেকে ভালো খেলেছে। আমরা হেরেছি। হার স্বীকার করছি। তার মানে এই নয় যে, এতদিন যে ফুটবলটা খেলেছি তা ভুলে যাব। সকল সতীর্থ ও আর্জেন্টিনার সকল নাগরিককে ধন্যবাদ।’

এর বেশি আর কিছু বলেননি তিনি। কিন্তু তার সংক্ষিপ্ত এই বক্তব্যের পরই নতুন করে শুরু হয়েছে সবচেয়ে বড় আলোচনাÑ এটাই কি ছিল বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ?

ফাইনালের আগেই সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের আভাস দিয়েছিলেন তিনি। তাই অনেকের ধারণা, আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায়ের সিদ্ধান্ত হয়তো নিয়েই ফেলেছেন। তবে হারের তীব্র হতাশার মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাননি। সময় নিয়ে পরে নিজের সিদ্ধান্ত জানাবেন। মেসি নীরব থাকলেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, গলায় রানার্সআপের পদক ঝুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মেসি। চোখে জল।

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘অধিনায়ক, তোমার কান্না আমাদেরও কাঁদায়। তুমি আমাদের জীবনের সেরা আনন্দ দিয়েছ। তোমার নিষ্ঠা, তোমার জাদু, দেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তোমার লড়াইকে স্যালুট। তোমাকে সারা জীবন ভালোবাসব, লিও। সব কিছুর জন্য ধন্যবাদ।’

এই বার্তাকে অনেকেই বিদায়ের পূর্বাভাস হিসেবে দেখছেন। কারণ জাতীয় দলের পক্ষ থেকে এমন আবেগঘন ভাষা সাধারণত কোনো কিংবদন্তির বিদায়ের সময়ই দেখা যায়।

তবে আরেকটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আর্জেন্টিনার মাটিতে বিশেষ একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হতে পারে, যেখানে দেশের সমর্থকদের সামনে শেষবারের মতো নীল-সাদা জার্সি গায়ে মাঠে নামবেন মেসি। এরপরই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ম্যাচ শেষে মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, ‘এখন ওর বয়স ৩৯ বছর। ও এক কথায় অবিশ্বাস্য। ওর থেকে আমি নতুন কিছু আর চাইতে পারি না। আগেও বলেছি, আজও বলছিÑ মেসি যত দিন চাইবে, তত দিন খেলতে পারে। সমর্থক, সতীর্থÑ সবাই ওর পাশে থাকবে। আমি নিশ্চিত, সবাই ওকে নিয়ে গর্বিত। ও যা অর্জন করেছে, তাতে নিঃসন্দেহে সে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা