টুর্নামেন্ট চলাকালীন শুধু যুক্তরাষ্ট্রেই একহাজারটিরও বেশি ডোমেইন বন্ধ করে দেওয়া হয় এবং কলম্বিয়াতেও প্রায় সমসংখ্যক ডোমেইন ব্লক করা হয়। ছবি: ইএসপিএন
বিশ্বকাপের ম্যাচ অবৈধভাবে সম্প্রচার করার দায়ে প্রায় তিন হাজার ওয়েবসাইট ব্লক বা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।
টুর্নামেন্ট চলাকালীন শুধু যুক্তরাষ্ট্রেই একহাজারের বেশি ডোমেইন বন্ধ করে দেওয়া হয় এবং কলম্বিয়াতেও প্রায় সমসংখ্যক ডোমেইন ব্লক করা হয়।
আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা জুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো 'অপারেশন অফসাইডস' এবং 'অপারেশন রেড কার্ড' নামক তদন্তের অধীনে এই অভিযানটি পরিচালনা করেছে।
জাতীয় মেধাস্বত্ব অধিকার সমন্বয় কেন্দ্রের (এনআইপিআরসিসি) পরিচালক ইভান জে. আরভেলো বলেন, “বিশ্বকাপ ম্যাচের অননুমোদিত সম্প্রচার মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন করে এবং অপরাধী সংগঠনগুলোকে ইন্ধন জোগায়।”
বিশ্বকাপের অবৈধ স্ট্রিমিংয়ের কারণে তারা চারশোটি ওয়েবপেজ সরিয়ে দিয়েছে। এখন আরও শত শত ওয়েবপেজ সরিয়ে দেওয়া হয়েছে বা ব্লক করা হয়েছে বলে জানায় মার্কিন বিচার বিভাগ ।
বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা বলেন, “বিশ্বকাপ অবৈধভাবে স্ট্রিমিং করার জন্য ব্যবহৃত এক হাজারেরও বেশি ডোমেইন বাজেয়াপ্ত করার ধারাবাহিক প্রচেষ্টা মেধাস্বত্ব অধিকার এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের সাফল্যের প্রতি প্রশাসনের অঙ্গীকারকে নিশ্চিত করে।”
এই প্রয়োগ প্রক্রিয়াটি মূলত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে, যা একটি ফেডারেল সংস্থা এবং যার অন্তর্ভুক্ত রয়েছে এনআইপিআরসিসি।
খেলাধুলার অবৈধ স্ট্রিমিং প্রায়শই সেই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজ বা ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে। কোম্পানি ও সম্প্রচারকারীরা অনুমান করেছে যে এই কার্যকলাপের কারণে প্রতি বছর তাদের শত শত কোটি ডলার ক্ষতি হয়।
সোর্স: বিবিসি