× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছে মেসির মহিমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:৪৪ পিএম

ছোটখাটো গড়নের এই জাদুকরকে এতদিন থাকতে হয়েছে ম্যারাডোনার ছায়াতেই। কিন্তু সেই কিংবদন্তিকে ছাপিয়ে গেছে মেসির গৌরবান্বিত মহিমা। এখন মেসিও আপন আর্জেন্টিনার। ছবি: দ্য গার্ডিয়ান

ছোটখাটো গড়নের এই জাদুকরকে এতদিন থাকতে হয়েছে ম্যারাডোনার ছায়াতেই। কিন্তু সেই কিংবদন্তিকে ছাপিয়ে গেছে মেসির গৌরবান্বিত মহিমা। এখন মেসিও আপন আর্জেন্টিনার। ছবি: দ্য গার্ডিয়ান

বছরের পর বছর ধরে দিয়েগো ম্যারাডোনাই ছিলেন আর্জেন্টিনার ফুটবলের অপ্রতিদ্বন্দ্বী আইকন। ছিলেন আর্জেন্টিনা ফুটবলের আত্মা ও আবেগ। তবে তার অবিস্মরণীয় স্মৃতিকে ছাপিয়ে মেসি নিজেকে অধিষ্ঠিত করেছেন স্বতন্ত্র ও স্বকীয় নৈপুণ্যে এক অনতিক্রম্য উচ্চতায়। তিনি বিনির্মাণ করেছেন এক নতুন আর্জেন্টিনা। দ্য গার্ডিয়ানে লিখেছেন আর্জেন্টিনার প্রখ্যাত সাংবাদিক ও ‘মেসিয়ানিকো লিওনেল মেসি’ গ্রন্থের সহলেখক সেবাস্তিয়ান ফেস্ত। অনুবাদ করেছেন জাহাঙ্গীর সুর। 

ম্যারাডোনার কথা উঠলেই সমান সুরে উচ্চারিত হয় ‘ঈশ্বরের হাত’ কথাটি। এখন কিন্তু এই কথাকে জাদুঘরে তোলার সময় হয়েছে। চল্লিশ বছর ধরে ওই মুহূর্তটি এবং ম্যারাডোনার সেই অবিস্মরণীয় ‘শতাব্দীসেরা গোল’ আর্জেন্টিনা ফুটবলের আত্মা ও আবেগের সমার্থক হয়ে ছিল। কিন্তু আজকের চিত্র একেবারেই ভিন্ন। আর এই পরিবর্তনের মূলে একটাই নাম- লিওনেল মেসি। ম্যারাডোনার স্মৃতিকে ছাপিয়ে নিজেকে তিনি অধিষ্ঠিত করেছেন সাধিপত্যে। বিনির্মাণ করেছেন এক নতুন আর্জেন্টিনা।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে আর্জেন্টিনা যেন পুনরুজ্জীবিত হয়েছে। ফাইনালে স্পেনের বিপক্ষে তারা মাঠে নামবে এক সাধারণ অথচ শক্তিশালী অস্ত্রকে পুঁজি করে। আর তা হলো, চমৎকার ফুটবল।

আর্জেন্টিনার এখনকার ফুটবল ‘ইংলিশ ফুটবলের জন্য “ঈশ্বরের হাত”-এর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।’ এমন মন্তব্য করেছেন টমাস আব্রাহাম। ইনি এমন ব্যক্তিত্ব যিনি তার জীবন উৎসর্গ করেছেন লেখালেখি, দর্শনচর্চা এবং সমাজ ও মানুষের জীবন বিশ্লেষণের পেছনে। তবে তার সবচেয়ে বড় আবেগ অন্য জায়গায় : ফুটবল।

৭৯ বছর বয়সী আব্রাহাম বলেছেন, ‘ইংলিশরা ঈশ্বরের হাতকে অবৈধ ও প্রতারণা বলে মনে করে। আর এবারের হারটা তাদের আরও বেশি আঘাত করেছে। কারণ তারা এমন একটি শক্তিশালী দলের কাছে হেরেছে, যাদের হারাতে তারা মুখিয়ে ছিল। এই ক্ষত অনেক গভীর।’

বহু বছর ধরে আর্জেন্টিনার অনেকে ম্যারাডোনা-মিথ আঁকড়ে ধরে মেসিকে কিছুটা খাটো করেই দেখতেন। মেসি যেন মেসি হতে পারবেন না; তাকে ম্যারাডোনাই হতে হবে! যখন গোটা বিশ্ব নিজেদের একজন মেসি পাওয়ার স্বপ্ন দেখত, তখন আশ্চর্যজনকভাবে বহু আর্জেন্টাইন মনে করতেন, কোপা লিবার্তোদোরেসের মতো টুর্নামেন্টে জনাদুয়েক কড়া ডিফেন্ডারের সামনে পড়লে মেসি চায়ের কাপে চিনির দলার মতোই গলে যাবেন।

আর ঠিক এখানেই মেসির সবচেয়ে বড় জয়Ñ তাকে এখন আর ম্যারাডোনার চশমা দিয়ে দেখা হয় না। তিনি নিজের দেশের মানুষের কাছ থেকে অবিসংবাদিত স্বীকৃতি ও শর্তহীন ভালোবাসা অর্জন করে নিয়েছেন।

ম্যারাডোনা শুধু একজন ফুটবলার ছিলেন না; তিনি ছিলেন আর্জেন্টিনিদাদ তথা আর্জেন্টাইন-সত্তার নির্যাস। একটা সময় ছিল যখন আর্জেন্টিনাকে না বুঝলে ম্যারাডোনাকে বোঝা অসম্ভব ছিল। কিন্তু একপর্যায়ে এমন একটা সময় এলো, যখন ম্যারাডোনাকে না বুঝে আর্জেন্টিনাকে বোঝাই অসম্ভব হয়ে দাঁড়াল। দেশ ও মানুষÑ দুটি সত্তা এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল, এতটাই সমার্থক হয়ে উঠেছিল।

ম্যারাডোনা ছিলেন এক দুর্দান্ত কিন্তু দাম্ভিক আর্জেন্টিনার প্রতীক, যে আর্জেন্টিনা নিজেকে এক পরাশক্তি হিসেবে বিশ্বাস করত। এ কারণেই ম্যারাডোনা মনে করতেন, সব বিষয়েই তার মতামত দেওয়ার বা বিচার করার অধিকার আছে : জর্জ বুশ থেকে শুরু করে পোপ, ফিফা কিংবা তার আদর্শ ফিদেল কাস্ত্রো ও হুগো চাভেজÑ সবাইকে নিয়েই। তিনি এক মুখে কোনো কথা বলে আবার পরক্ষণেই তার বিপরীত কথা বলতে পারতেন; কয়েক মাসের ব্যবধানে একই মানুষকে ভালোবাসতে ও ঘৃণা করতে পারতেন।

নানা দিক থেকেই এক অভাবনীয় প্রতিভা ও ভীষণ দয়ালু হওয়া সত্ত্বেও ম্যারাডোনা মানুষকে ছোট করতে, আঘাত করতে, আক্রমণ করতে ও উস্কে দিতেও ছিলেন দারুণ পটু। দিন শেষে তিনি ঠিক যেন তার নিজের দেশেরই প্রতিচ্ছবি ছিলেনÑ যার চোখধাঁধানো আলো যেমন আছে, তেমনি আছে অবধারিত অন্ধকারও। রাষ্ট্রের সুশিক্ষার ফসল হিসেবে ম্যারাডোনা প্রতিটি শব্দের অর্থ ও ওজন বুঝতেন। অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবেশে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও নিজেকে প্রকাশ করার এক দারুণ প্রতিভা তার ছিল।

তুলনামূলকভাবে তেজহীন এক আর্জেন্টিনার সন্তান মেসির সেই প্রতিভার ঘাটতি রয়েছে; তার শব্দভান্ডার সীমিত, বাক্যগুলো ছোট এবং গভীরতাহীন; যদিও সাম্প্রতিক বছরগুলোতে এতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এভাবেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আর এভাবেই তিনি ভিন্ন ধাঁচের এক আর্জেন্টাইন ফুটবল-পরিচয় এবং আর্জেন্টাইন-সত্তা গড়ে তুলেছেন।

কার্লোস ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার সঙ্গে খেলেছেন। তিনি বর্তমান দলের তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাবা। ছেলের বিশ্বকাপ খেলা দেখতে তিনি কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ফাইনালেও মাঠে থাকবেন। তিনি বলেছেন, ‘দিয়েগো আর লিওর মধ্যে পার্থক্য হলো তাদের ব্যক্তিগত জীবন। আমি কিন্তু দিয়েগোর নিন্দা করছি না। তিনি নিজে যা বলে গেছেন, আমি তার ব্যাখ্যা দিতে যাব না। দিয়েগো তার মতো ছিলেন বলেই আজ মেসি মেসি হতে পেরেছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে মেসি বুঝতে পেরেছিলেন, কীভাবে খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হয়।’

ঈশ্বরের হাত কেন এক প্রতীকী জাদুঘরে পরিণত হয়েছে, তার আরেকটি ব্যাখ্যা লুকিয়ে আছে ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর কারণ এবং সেই মৃত্যু ঠেকানো যেত কি নাÑ তা নিয়ে চলা তদন্তের ভেতর। এই তদন্ত আর্জেন্টিনায় কখনও পত্রিকার প্রথম পাতার খবর হয়নি, কিংবা জনমনে দীর্ঘস্থায়ী কোনো আগ্রহও তৈরি করেনি। মনে হচ্ছিল, ম্যারাডোনার মৃত্যুর সেই করুণ পরিস্থিতি নিয়ে লজ্জিত আর্জেন্টাইনরা যেন নীরবে এই অধ্যায়ের পাতা উল্টে সামনে বাড়তে চাইছেন। আর মেসিকে আপন করে নেওয়ার চেয়ে এর ভালো উপায় আর কী হতে পারে!

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যারাডোনাকে নিয়ে আবেগময় কিছু কথা বলেছেন মেসি। অথচ এই ম্যারাডোনাই একসময় মেসির নেতৃত্বের অভাব নিয়ে সমালোচনা করেছিলেন। মেসি বলেছেন, ‘আমি নিশ্চিত দিয়েগো ওপর থেকে এটা দারুণ উপভোগ করছেন। আমরা চাই তিনি এই ফুটবল উপভোগ করুন, কারণ এটি তার জন্যও একটি উপহার।’

আর্জেন্টিনার সর্বাধিক পঠিত পত্রিকা ক্লারিন-এ কলামিস্ট হেক্টর গামবিনি যেমনটা উল্লেখ করেছেন, ঈশ্বরের হাত নিয়ে পড়ে থাকা মানে ফুটবল-প্রাগৈতিহাসে ডুবে যাওয়া, এমন কিছু নিয়ে কথা বলা, যা এখন আর সম্ভব নয়। তিনি লিখেছেন, ‘ম্যারাডোনা যখন তার সেই অমর গোলগুলো করেছিলেন, তখন এই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে অংশ নেওয়া কোনো খেলোয়াড়ের জন্মই হয়নি।’ তিনি আরও বলেন, ‘[ছিয়াশির বিশ্বকাপে] দুটি গোলই এমন, যা ভিএআর বাতিল করে দিত। 

প্রথমটি নীল জার্সিধারী ১০ নম্বর খেলোয়াড়ের হ্যান্ডবলের কারণে। আর দ্বিতীয়টি নীলদের ২ নম্বর (সার্জিও বাতিস্তা) কর্তৃক সাদাদের ৪ নম্বর (গ্লেন হডল) খেলোয়াড়কে ফাউল করার কারণে। ওই ফাউলের পর আর্জেন্টিনা বলের দখল ফিরে পায়, বল ম্যারাডোনার পায়ে যায় এবং ১৩ সেকেন্ড পর তা ইংলিশদের জালে জড়ায়।’

ম্যারাডোনার ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম মারিয়ানো ইসরায়েলিত। তিনি বলেছেন, ম্যারাডোনা এখন আর ১ নম্বরে নেই। তার ভাষায়, ‘দিয়েগোই সর্বকালের সেরা ছিলেন... একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু মেসি এখন তাকে ছাড়িয়ে গেছেন; মেসি যা অর্জন করেছেন তা অনতিক্রম্য। দিয়েগো নাপোলির মতো একটি দলের হয়ে খেলেছিলেন, যেখানে মূলত ১০টি গাধা আর একজন দিয়েগো ছিলেন। অন্যদিকে মেসি খেলেছেন তারকায় ঠাসা বার্সেলোনায়। আমাদের বাস্তববাদী ও সৎ হতে হবে; আমি মেসিকে কুর্নিশ জানাই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা