× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন দিনের নায়ক

রুমেল খান

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১০:৩০ এএম

লামিন ইয়ামাল। ছবি: ফিফা

লামিন ইয়ামাল। ছবি: ফিফা

‘তোমার হলো শুরু, আমার হলো সারা’। লামিন ইয়ামালকে অনায়াসেই এটা বলতে পারেন লিওনেল মেসি। কারণ মেসি তার শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন আর ইয়ামাল খেলেছেন তার প্রথম বিশ্বকাপ। ফুটবল মাঠে দুজনের প্রথম ও শেষ দ্বৈরথ দেখে ফেলেছে বিশ্ব। আর সেই মোকাবিলায় জয়ী হয়েছেন ইয়ামাল। নতুন দিনের নায়কও তিনিই।

ফুটবল অনেক অবিশ্বাস্য মুহূর্ত-কাকতালের জন্মে দেয়। এই যেমন ‘১৯’ সংখ্যাটি নিয়েই বলা যেতে পারে। আজ থেকে ১৯ বছর আগে ১৯ বছর বয়সী মেসি বার্সেলোনায় খেলতেন ১৯ নম্বর জার্সি পরে। তখন ক্লাবের ক্যালেন্ডারের জন্য নির্ধারিত এক ফটোশুটে বেবি বাথটাবে গোসল করিয়েছিলেন কয়েক মাসের শিশু ইয়ামালকে। সেই ইয়ামালের বয়সও এখন ১৯।

শুধু তাই নয়, মেসির মতো ইয়ামালও এখন এফসি বার্সেলোনার হয়ে খেলেন। মেসি তার প্রথম বিশ্বকাপে ২০০৬ সালে আর্জেন্টিনার হয়ে যে নম্বরের জার্সি পরতেন, কাকতালীয়ভাবে ইয়ামালও এখন স্পেনের হয়ে সেই একই ১৯ নম্বর জার্সি পরেই খেলেন। সবচেয়ে বড় কাকতালীয় হচ্ছে মেসি যে শিশুটিকে স্নান করিয়েছিলেন, সেই শিশুটিই কি না কালের পরিক্রমায় বিশ্বকাপের ফাইনালে তার প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হলো এবং সেই মোকাবিলায় ইয়ামালের কাছে হেরে গেলেন মেসি। 

মেসি নিজে ইয়ামালের গুণে মুগ্ধ। বলেছেন, ইয়ামালের খেলা তিনি ফলো করেন, তার মাঝে গ্রেট ফুটবলার হওয়ার সব গুণাবলিই আছে, তার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আর ইয়ামালও জানিয়েছেন, বিশ্বের সেরা ফুটবলারের সঙ্গে তার জীবনটা জড়িয়ে গেছে, এটা তার জন্য গর্বের।

অনেকেই মনে করেন, মেসির সঙ্গে খেলার ধরনেও মিল আছে ইয়ামালের। ক্যারিয়ারের শুরুতে মেসি রাইট উইঙ্গার পজিশনে খেলতেন। এখন ইয়ামালও তাই। তিনি খেলেনও মেসির মতো বাঁ পায়ে। তরুণ বয়সের সেই মেসির মতোই দুর্দান্ত গতি, বডি ডজ দিয়ে প্রতিপক্ষ মার্কারকে ধোঁকা দেওয়া, মুহূর্তেই অনুপম স্কিল দিয়ে তিন-চার-পাঁচজনকে কাটিয়ে যাওয়া, ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করা, বিগ চান্স ক্রিয়েট করা, সতীর্থদের উদ্দেশে আচমকাই দৃষ্টিনন্দন থ্রু পাস দেওয়া সবকিছুতেই যেন মেসির ছায়া। এজন্য অনেকেই মেসির সঙ্গে তুলনা করেন ইয়ামালের, মনে করেন ইয়ামালই হতে যাচ্ছেন ‘আগামীর মেসি’।

কিন্তু ইয়ামাল নিজে তা মনে করেন না। বরং তিনি বিনয়ের সঙ্গে বলেছেন, মেসির সঙ্গে তার কোনো তুলনাই করা উচিত নয়। কেননা, মেসি হচ্ছেন সর্বকালের সেরা ফুটবলার। তিনি হতে চান নিজের মতো। আর তিনি মাত্র শুরু করেছেন ক্যারিয়ার।

ইয়ামালের ওপর প্রত্যাশার চাপ কমাতে স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে থেকে শুরু করে একাধিক স্প্যানিশ সাবেক তারকা ফুটবলাররাও অভিন্ন কণ্ঠে জানিয়েছেন, মেসির সঙ্গে ইয়ামালের তুলনার সময় এখনও আসেনি, কেননা দুজন দুই যুগের মানুষ, একজন অভিজ্ঞ-সফল-পরিণত, অন্যজন নবীন-সম্ভাবনাময়। ফলে দুজনের মধ্যে তুলনার প্রশ্নই আসে না।

মেসি ছাড়াও বর্তমান ফুটবল বিশ্বে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, নরওয়ের আর্লিং হালান্ড, ইংল্যান্ডের জুড বেলিংহাম, হ্যারি কেন, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, এনড্রিক, জার্মানির জামাল মুসিয়ালা প্রমুখ। ইয়ামাল তাদের চেয়েও বয়সে নবীন। ফলে তার সামনে গোটা ক্যারিয়ার পড়ে আছে। 

তবে মেসির সঙ্গে ইয়ামালের তুলনার প্রসঙ্গে এলে দেখা যায়, একটা ক্ষেত্রে কিন্তু ইয়ামাল ঠিকই টপকে গেছেন তার আদর্শ মেসিকে। সেটা হচ্ছে বিশ্বকাপ জেতার সময় বয়সের ক্ষেত্রে। মেসি যেখানে তার প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সে, সেখানে ইয়ামাল মাত্র ১৯ বছর বয়সেই তা অর্জন করে ফেলেছেন। মেসি যেখানে ২০১৪ সালে তার প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলেন, তখন তার বয়স ছিল ২৭। এখানেও মেসিকে পেছনে ফেলেছেন লামিন। যদি ফর্ম-ফিটনেস ধরে রাখার পাশাপাশি সঙ্গে নিজের মাথাটাকেও ঠাণ্ডা রাখতে পারেন, তাহলে সময়ের পরিক্রমায় ইয়ামালই হতে পারেন আগামীর ‘হিরো ফুটবলার’।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা