× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের সেরারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১০:০৩ এএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১০:০৩ এএম

বিশ্বকাপ ফুটবলের তিন একক পুরস্কার- সেরা তরুণ খেলোয়াড়, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস জয়ী পাউ কুবারসি, রদ্রি ও উনাই সিমোন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের তিন একক পুরস্কার- সেরা তরুণ খেলোয়াড়, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস জয়ী পাউ কুবারসি, রদ্রি ও উনাই সিমোন (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হয় একটি ম্যাচে, কিন্তু ফুটবলের সর্বোচ্চ আসরকে স্মরণীয় করে রাখেন সেইসব খেলোয়াড়, যারা নিজেদের অসাধারণ পারফরম্যান্স দিয়ে পুরো টুর্নামেন্টে আলাদা ছাপ রেখে যান। ম্যাচজয়ী গোল, দুর্দান্ত গোলকিপিং কিংবা তরুণ প্রতিভার ঝলকÑ এসব কীর্তির স্বীকৃতি হিসেবেই ফিফা ফাইনালের পর ঘোষণা করে ব্যক্তিগত সেরা পুরস্কারগুলো।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এক মাসব্যাপী এই আসরে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ব্যক্তিগত সম্মাননা।

গোল্ডেন বল

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের ভোটে নির্ধারিত গোল্ডেন বল পুরস্কার পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিডফিল্ডার রদ্রি এই সম্মান অর্জন করেন। ম্যানচেস্টার সিটির এই তারকা স্পেনের আটটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন এবং পুরো টুর্নামেন্টে দলের মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখেছেন। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে আট গোল ও চারটি অ্যাসিস্ট করা লিওনেল মেসি জিতেছেন সিলভার বল। আর বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া ফ্রান্সের কিলিয়ান এমবাপে পেয়েছেন ব্রোঞ্জ বল।

গোল্ডেন বুট 

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। এবার সেই পুরস্কার জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। আট ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনন্য কীর্তিও গড়েছেন এ ফরাসি তারকা। বিশ্বকাপের ইতিহাসে টানা দুবার গোল্ডেন বুট জেতার কীর্তি এমবাপ্পের আগে কারও ছিল না। একই সঙ্গে ২২ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নেন। আট গোল করে সিলভার বুট জিতেছেন লিওনেল মেসি। আর সাত গোল নিয়ে ব্রোঞ্জ বুট পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গোল্ডেন গ্লাভস

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো বিশ্বকাপে ৭৪০ মিনিট খেলে তিনি মাত্র একটি গোল হজম করেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের চার্লস ডি কেটেলারের করা গোলটিই ছিল তার বিপক্ষে একমাত্র গোল।

সেরা তরুণ খেলোয়াড় 

বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবার্সি। বার্সেলোনার এই সেন্টার-ব্যাক স্পেনের আটটি ম্যাচেই পুরো সময় খেলেছেন, যার মধ্যে ফাইনালের অতিরিক্ত সময়ের ১২০ মিনিটও রয়েছে।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড 

নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে সেরা শৃঙ্খলাবদ্ধ দলের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে তিনটি হলুদ কার্ড দেখলেও এরপর আর কোনো কার্ড না দেখেই তারা রাউন্ড অব ৩২ পর্যন্ত যাত্রা করে। মাঠের ক্রীড়াসুলভ আচরণের স্বীকৃতিস্বরূপ ডাচরা এই পুরস্কার ঘরে তোলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা