বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক লিটন দাস। ফাইল ছবি
বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি ছাড়াই বিদেশ সফরে যাওয়ার ঘটনায় তার কাছে ব্যাখ্যা চেয়েছে।
বিসিবির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিসিপ্লিনারি কমিটির সামনে রবিবার নিজের অবস্থান তুলে ধরেন লিটন।
বোর্ড সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সফর শেষে বিসিবিকে না জানিয়ে তার চীন সফর নিয়েই মূলত আপত্তি উঠেছে।
এদিকে কুঁচকির চোটের কারণে সোমবার পুনর্বাসনের জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে লিটনের। একই চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। খেলতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও।
টেস্ট সিরিজে না খেললেও লিটন ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে গিয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি দেশে ফিরে আসেন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলাকালে কাফের চোটে পড়েছিলেন তিনি, যার প্রভাব এখনও কাটেনি।
বোর্ড সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে না জানিয়ে লিটন চিকিৎসার জন্য চীনে যান। বিষয়টি ভালোভাবে নেননি বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।
তাদের দাবি, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিদেশে যাওয়ার আগে বোর্ডকে জানানো এবং অনুমতি নেওয়া লিটনের দায়িত্ব ছিল। তার কাছ থেকে নিয়মিত চোটের আপডেটও পায়নি বিসিবি।
এক সূত্রের বরাতে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, লিটনকে ডেকে জানতে চাওয়া হয়েছিল তিনি কার অনুমতিতে চীনে গিয়েছিলেন এবং কেন বোর্ডকে বিষয়টি জানাননি।
বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, রবিবার শুনানিতে লিটন নিজের বক্তব্য তুলে ধরেছেন। এখন বিষয়টি মেডিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করে যাচাই-বাছাই করা হবে।
আলমগীর বলেন, “প্রাথমিকভাবে বোর্ডের মনে হয়েছে লিটনের বক্তব্য সত্য। দীর্ঘ ক্যারিয়ারে তার বিরুদ্ধে বড় ধরনের কোনো শৃঙ্খলাভঙ্গের রেকর্ড নেই, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে”।
তার ভাষ্য, এলপিএলে খেলতে না পারায় লিটন কিছুটা হতাশ ছিলেন। মূলত বোর্ড ও খেলোয়াড়ের মধ্যে যোগাযোগের ঘাটতি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি ইচ্ছাকৃত কোনো গুরুতর অপরাধ না হলেও চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে।
তিনি আরও বলেন, “বিষয়টি ছোট হলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড সভাপতি চান, এই ঘটনার মাধ্যমে সব ক্রিকেটারের কাছে স্পষ্ট বার্তা পৌঁছাক যে, বোর্ডের নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে”।
বিসিবির এই পরিচালক বলেন, “কোনো খেলোয়াড়ই শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। তিনি যত বড় তারকাই হোন না কেন, বিসিবি শৃঙ্খলাভঙ্গের বিষয়টি কোনোভাবেই প্রশ্রয় দেবে না”।
বিসিবির আচরণবিধি অনুযায়ী শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে লিটন দাসের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।