× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে ইয়ামাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৫:৩০ এএম

বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে ইয়ামাল

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ২০২৬ সালের ব্যালন ডি’অর লড়াইয়ে নতুন মোড় এসেছে। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জেতায় কিশোর তারকা লামিনে ইয়ামাল এখন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছেন।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। পুরো ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তবে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে লা রোজা।

বিশ্বকাপ জয় ইয়ামালের ব্যালন ডি’অর সম্ভাবনাকে অনেকটাই উজ্জ্বল করেছে। যদিও ক্লাব পর্যায়ে তার মৌসুমে একটি বড় ঘাটতি রয়েছে। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়, ফলে ইয়ামালের ঝুলিতে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব শিরোপা নেই।

অন্যদিকে বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। ফলে টানা দ্বিতীয়বার পুরস্কার জয়ের পথ তার জন্য সহজ নয়।

ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনও আলোচনায় থাকলেও মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ- দুই আসরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাকে।

এছাড়া কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিও এখনও আলোচনায় রয়েছেন। মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুললেও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারেননি।

সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অরের লড়াইকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উন্মুক্ত প্রতিযোগিতাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। শিরোপা, ব্যক্তিগত পারফরম্যান্স, গোল-অ্যাসিস্ট এবং বড় টুর্নামেন্টে অবদান- সবকিছু বিবেচনায় রেখেই ভোট দেবেন নির্বাচকরা।

মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতে ইয়ামাল নিজের পক্ষে শক্তিশালী বার্তা দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে আগেভাগে বিদায় তার জন্য কতটা নেতিবাচক প্রভাব ফেলবে, সেটিই এখন ব্যালন ডি’অর ঘোষণার আগে সবচেয়ে বড় আলোচনার বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা