প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৫:১৩ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ২১:১৫ পিএম
শিরোপার সঙ্গে ‘গোল্ডেন বল’ও রদ্রির
হাঁটুর গুরুতর চোটে প্রায় ১৫ মাস মাঠের বাইরে ছিলেন রদ্রি। সেই সময়ই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, “বিশ্বকাপে দেখা যাবে সেরা রদ্রিকে”। শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো।
স্পেনকে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জেতানোর পথে অসাধারণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টসেরার গোল্ডেন বল জিতেছেন এই মিডফিল্ডার। ফাইনালে আর্জেন্টিনাকে লক্ষ্যে একটি শটও নিতে না দেওয়ার পেছনে রদ্রির অবদান ছিল সবচেয়ে বেশি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষেও দারুণ পারফরম্যান্স করেন তিনি।
২০২৪ সালে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয় রদ্রিকে। চলতি বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির হয়ে পূর্ণাঙ্গভাবে মাঠে ফিরলেও ধীরে ধীরে নিজের সেরা ছন্দে পৌঁছান। বিশ্বকাপে এসে সেই ছন্দই দেখা যায় পুরোপুরি।
পুরো টুর্নামেন্টে স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা ছিলেন রদ্রি। বলের দখল ধরে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের পাল্টা আক্রমণ থামানো- সব ক্ষেত্রেই ছিলেন অনন্য। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৭৫৬টি সফল পাস দেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।
রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হচ্ছে। তাকে নতুন চুক্তিতে রাখতে আগ্রহী ম্যানচেস্টার সিটি, যদিও এখনো সমঝোতা হয়নি। বিশ্বকাপের পর আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। এদিকে, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নাম জড়ালেও স্প্যানিশ ক্লাবটি তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
চোট কাটিয়ে বিশ্বকাপ জয় এবং টুর্নামেন্টসেরার স্বীকৃতি- সব মিলিয়ে রদ্রি প্রমাণ করলেন, তিনি আবারও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার।