আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের অধিনায়ক রদ্রির দিকে ঘুষি ছোড়ার চেষ্টা করেন। ছবি: মিরর ডট ইউকে
বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর মাঠে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে, যার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস লাল কার্ড দেখেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে লাথি মারেন। পরে গার্সিয়া প্রতিবাদ করতে গেলে তার গলায় হাত দিয়ে ধাক্কা দেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। একই সময়ে স্পেনের মিডফিল্ডার গাভির সঙ্গেও পারেদেসকে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা যায়।
এদিকে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা স্পেনের অধিনায়ক রদ্রির দিকে ঘুষি ছোড়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে মাঠের অন্য প্রান্তে তখন বিশ্বকাপ জয়ের আনন্দে করছেন স্পেনের ফুটবলাররা। তবে সেই উদযাপনের মধ্যেও দুই দলের কয়েকজন খেলোয়াড়ের সংঘর্ষ ফাইনালের আবহকে ম্লান করে দেয়।
ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারার আর্জেন্টিনার আচরণের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “পারেদেস দুই-তিনটি ঘুষি মারার চেষ্টা করেছে। ফুটবলে এমন আচরণের কোনো জায়গা নেই। হার কষ্টের, সেটা সবাই বোঝে। কিন্তু হার মেনে নেওয়ারও উপায় আছে। আর্জেন্টিনার কাছ থেকে এমন আচরণ আগেও দেখেছি”।
ইংল্যান্ডের আরেক সাবেক ফুটবলার গ্যারি নেভিল বলেন, “আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা আমার ভালো লাগে। কিন্তু গত কয়েক ম্যাচে পারেদেসের আচরণ ছিল লজ্জাজনক”।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনিও ঘটনাটি নিয়ে হতাশা প্রকাশ করেন।
তার ভাষায়, “এতে আমি অবাক হইনি। আর্জেন্টিনার কাছ থেকে আগেও এমন প্রতিক্রিয়া দেখেছি। ফুটবল ম্যাচে হারলে সম্মানজনকভাবে মাঠ ছেড়ে যাওয়াই উচিত। এনজো ফার্নান্দেজও যা করেছে, তার শাস্তিই পেয়েছে”।
তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আচরণ প্রশংসিত হয়েছে। সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট বলেন, “মাঠে একজনই সত্যিকারের সৌজন্য দেখিয়েছে, সে হলো মেসি। তিনি স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন। কিন্তু বাকি ঘটনাগুলো ছিল হতাশাজনক”।
সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার মাইকা রিচার্ডসও একই সুরে বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের পর এমন দৃশ্য মোটেও গ্রহণযোগ্য নয়। বিশেষ করে পারেদেসের আচরণ খুবই হতাশাজনক”।
স্পেন অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতলেও, ম্যাচ-পরবর্তী এই সংঘর্ষ ফাইনালের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।