একদিকে দুই নম্বর ফিফা র্যাঙ্কিংধারী স্পেন, অন্যদিকে এক নম্বর র্যাঙ্কিংধারী আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার রাতে অনুষ্ঠিত ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ফাইনালটা যতটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ হওয়ার কথা ছিল, তা হয়নি। বরং একতরফা খেলে ২০১০ আসরের পর আবারও ফিফা বিশ্বকাপ জিতে নিল স্পেন। আর্জেন্টিনাকে তারা হারায় ১-০ গোলে। জয়ী দলের ফেরান তোরেস জয়সূচক গোলটি করেন।
এই জয়ের ফলে ১৯৬৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটাও গড়ে ফেললো স্পেন (ভেঙে দিল ইতালির রেকর্ড)। এ ছাড়া হেড টু হেড পরিসংখ্যানেও জয়ের নিরিখে এগিয়ে গেল স্পেন (৭-৬ ব্যবধানে)। এ নিয়ে সপ্তমবারের মতো ফাইনালে ওঠে চারবারই শিরোপা জিততে ব্যর্থ হলো তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১৯৩০, ১৯৯০, ২০১৪ ও ২০২৬)।
র্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনো বিশ্বকাপ জেতে না, এই মিথ শেষ পর্যন্ত বজায় রাখলো আর্জেন্টিনা। খেলা শেষে শোকে যেন পাথর হয়ে যান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউজার্সির রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম ৮২ হাজার ৫০০ দর্শকের সামনে খেলতে নেমেছিলেন জীবনের শেষ বিশ্বকাপ। এই স্টেডিয়ামেই ২০১৬ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে মেসি একরাশ হতাশা নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। কি আশ্চর্য, দশ বছর পর সেই স্টেডিয়ামেই কি না বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নামলেন।
মাঠে নামার আগে মেসিকে বেশি নির্ভার-চনমনে লাগছিল। এটা শুভ লক্ষণ। কেননা এটা অতীতের পরীক্ষিত সত্য ম্যাচের আগে হাসিখুশি থাকলে মেসি ভালো খেলেন এবং আর্জেন্টিনাও ভালো খেলে। কিন্তু খেলা শুরুর পর তেমনটা পরিলক্ষিত হয়নি। বিশেষ করে প্রথমার্ধে। বল পজিশনে (৬৫%-৩৫%), গোলমুখে শটে (২-০), কর্নারে (২-০) … সবকিছুতেই এগিয়েছিল স্প্যানিশরাই।
বিশেষ করে মাঝমাঠে আর্জেন্টিনা বলতে গেলে পাত্তাই পায়নি। একাধিক ভুল পাস খেলা, বলের দখল হারিয়ে ফেলা, রিস্কি পাস খেলা, মুখস্ত পাস খেলা অনেক ত্রুটি ছিল আর্জেন্টিনার খেলায়। তার ওপর ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে (৪৪ মিনিটে তার পরিবর্তে নামেন নিকোলাস ওতামেন্দি)। আরও চাপে পড়ে যায় আর্জেন্টিনা। তাদের গোলরক্ষক এমিলিয়েনো মার্তিনেজ স্পেনের দুটি বিপজ্জনক শট রুখে না দিলে প্রথমার্ধেই একাধিক গোল হজম করে বসতো স্কালোনির শিষ্যরা। স্পেনের খেলার ধরণ ছিল ‘হাই-লাইন ডিফেন্স’ স্টাইল। আর্জেন্টিনার স্টাইল ছিল কাউন্টার অ্যাটাকনির্ভর।
স্পেন-আর্জেন্টিনা ফাইনালে নেওয়া মাত্র তিনটি শটই ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সর্বনিম্ন। একই সঙ্গে, ১৯৬৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা একটি শটও নিতে পারেনি। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি আর্জেন্টিনা।
ধারণা করা হয়েছিল দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা খেলার ধরণ-কৌশল বদলে আক্রমণাত্মক হয়ে খেলবে। কিন্তু হয় এর উল্টো। স্পেন একের পর এক আক্রমণ শাণায়। প্রচণ্ড চাপ সৃষ্টি করে। আর্জেন্টিনার রক্ষণভাগ এবং তাদের গোলরক্ষক মার্তিনেজ একের পর এক এক গোলপ্রচেষ্টা নসাৎ করতে থাকেন।
বিরতির পর নিকো গঞ্জালেজকে তুলে লিয়ান্দ্রো পারেদেসকে নামালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গঞ্জালো মন্তিয়েলের বদলে মাঠে নামেন নাহুয়েল মলিনা। ৬২ মিনিটে স্পেন একসঙ্গে দুজনকে বদলি করে। মাঠে নামেন ফেরান তোরেস ও পেদ্রি। মাঠ ছাড়েন মিকেল ওইয়ারসাবাল ও ফাবিয়ান রুইজ।
‘লা রোজা’ দের দানি ওলমোর পরিবর্তে মাঠে নামেন মিকেল মেরিনো। আর অ্যালেক্স বায়েনার বদলে নামেন নিকো উইলিয়ামস।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (তৃতীয় মিনিটে) স্পেনের পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেন ক্রিস্টিয়ান রোমেরো!
৯৪ মিনিট পর্যন্ত ১০টি সেভ করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, যা ছিল অতিমানবীয়। ৯৬ মিনিটে নিকো উইলিয়ামস গোল করলেও গোলটি সঙ্গে সঙ্গেই বাতিল করে দেন স্লোভাকিয়া রেফারি স্লাভকো ভিনচিচ। কারণ, গোলের আগে স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ফাউল করেন।
১০৩ মিনিটে বদলি সিমিওনেকে কুকুরেলা ফেলে দিলেও রেফারি ফাউল না দেওয়ায় স্কালোনি প্রতিবাদ করায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। দশজনের আর্জেন্টিনা একের পর এক আক্রমণ প্রতিহত করতে থাকে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে (১০৭ মিনিটে) অবশেষে ডেডলক ভাঙে স্পেন। নিকো উইলিয়ামসের হেড থেকে প্রতিপক্ষের গোলপোস্টে নিখুঁত শট নেন ফেরান তোরেস। আর্জেন্টিনার রক্ষণ ভেদ করে বল জড়ায় জালে। এই দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।
বাকি সময়ে আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলে গোল শোধের চেষ্টা করে। কিন্তু তাদের সব প্রচেষ্টা পর্যবসিত হয় ব্যর্থতায়। ১১৪ মিনিটে তোরেস আরেকটি গোল করলেও অফসাইড আইনে সেই গোল বাতিল হয়।
আর্জেন্টাইন বদলি জিওভানি সিমিওনে ম্যাচের শেষদিকে বক্সের ভেতরে গোল করার সূবর্ণ সুযোগ নষ্ট করলে আর্জেন্টিনার হার প্রায় নিশ্চিত হয়ে যায়। এর কিছুক্ষণ পর রেফারি খেলা শেষের বাাঁশি বাজালে দ্বিতীয়বারের বিশ্বকাপ জেতার উল্লাসে মেতে ওঠে স্পেন। আর টানা ও ‘টেট্রা (চতুর্থ) শিরোপা জিততে না পারায় বেদনায় ভেঙে পড়েন মেসিরা। শেষ বিশ্বকাপ রাঙাতে পারলেন না তিনি।