বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নাটকীয়তার পর নাটকীয়তা। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, ফলে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
সংখ্যাগত সুবিধা পাওয়ার পর আক্রমণের গতি আরও বাড়ায় স্পেন। অতিরিক্ত সময়ের ৯৭তম মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ফ্রি-কিক অসাধারণ সেভে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেই মুহূর্তে দলকে রক্ষা করলেও শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ফেরান তোরেস। নিকো উইলিয়ামসের নিখুঁত অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে লা রোজাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
এর আগে পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। যদিও একের পর এক সুযোগ নষ্ট করায় নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে আর্জেন্টিনা মূলত রক্ষণ সামলে পাল্টা আক্রমণের কৌশলে খেললেও লিওনেল মেসিদের আক্রমণ স্পেনের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়।
প্রথমার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত সংঘর্ষও ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে এনজোর লাল কার্ডে ১০ জনের আর্জেন্টিনার দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ফেরান তোরেসের গোলে ফাইনালে প্রথমবারের মতো এগিয়ে যায় স্পেন।