প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০২:৫৩ এএম
হাফটাইম শোর শেষ পর্বে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ দিয়ে মঞ্চ মাতান শাকিরা। ছবি: রয়টার্স
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হলো হাফটাইম শো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চে ওঠেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। সুপার বোলের আদলে আয়োজিত ১১ মিনিটের এই পরিবেশনা দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা।
কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই হাফটাইম শোতে অংশ নেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস ও জাস্টিন বিবার। তাদের সঙ্গে পারফর্ম করেন নাইজেরিয়ার শিল্পী বার্না বয়, নিউইয়র্কের পিএস২২ কোরাস এবং আরও কয়েকজন শিল্পী।
শোয়ের সূচনা করেন ম্যাডোনা। নিজের জনপ্রিয় গান ‘মিউজিক’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন মাডোনা। এ সময় তার সঙ্গে মাঠে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনহো। পরে জনপ্রিয় ব্যান্ড বিটিএস পরিবেশন করে তাদের বিশ্বজুড়ে আলোচিত গান ‘ডাইনামাইট’।
এরপর গিটার হাতে মঞ্চে আসেন জাস্টিন বিবার। তিনি তার ২০২৫ সালের অ্যালবাম সোয়েগ-২ (Swag II) এর ‘এভ্রিথিং হ্যালোলুইয়া’ গানটি গান।
হাফটাইম শোর শেষ পর্বে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ দিয়ে মঞ্চ মাতান শাকিরা ও বার্না বয়। সমাপনী পরিবেশনায় ৫০ জনের বেশি শিক্ষার্থী নিয়ে গঠিত নিউইয়র্কের পিএস২২ কোরাস কোল্ডপ্লের নতুন গান ‘উই ডান্স’ গেয়ে অনুষ্ঠানের ইতি টানে।
এই হাফটাইম শোর মূল উদ্দেশ্য ছিল ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য সচেতনতা ও তহবিল সংগ্রহ। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে গঠিত এই তহবিল ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ থেকে ৬ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ফিফা।
এর আগে ফাইনাল শুরুর আগে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেন পোস্ট ম্যালোন। তার সঙ্গে উপস্থিত ছিলেন টম ক্রুজ, জেনিফার হাডসন, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড।