× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ফাইনালে গাজার হৃদয় জুড়ে স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০০:১২ এএম

প্রতীকী ম্যাচের সময় দর্শকরা স্পেনের পতাকা ওড়াচ্ছেন। ছবি: আল জাজিরা

প্রতীকী ম্যাচের সময় দর্শকরা স্পেনের পতাকা ওড়াচ্ছেন। ছবি: আল জাজিরা

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের প্রতি সমর্থন জানাচ্ছেন গাজার অনেক ফিলিস্তিনি। তাদের মতে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশের কারণে স্পেন তাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

৩৩ বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ আল-বোজম আল জাজিরাকে বলেন, “আমি পুরোপুরি স্পেনের পক্ষেই আছি, কারণ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে”।

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, “ফিলিস্তিন থেকে আমরা তোমাদের ভালোবাসি। আমরা চাই, তোমরা বিশ্বকাপ জিতো এবং ফিলিস্তিনের পতাকাও উড়াও”।

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার কারণে গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সংকট তীব্র হয়েছে। ফলে বিশ্বকাপের ম্যাচ দেখা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে।

সাবেক ফুটবলার ও গাজা সিটির প্যালেস্টাইন স্টেডিয়ামের ব্যবস্থাপক আদনান আল-আফিফি বলেন, “বিদ্যুৎ থাকলেই কেবল মানুষ খেলা দেখতে পারে। কিন্তু জ্বালানির সংকটে জেনারেটরও চালানো সম্ভব হচ্ছে না”।

স্পেনকে সমর্থন জানাতে প্রতীকী ম্যাচ

যুদ্ধের মধ্যেও ফুটবলের আবহ ফিরিয়ে আনতে গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ-অনুপ্রাণিত দুটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেন আল-আফিফি। সেখানে ‘ফিলিস্তিন’ ও ‘স্পেন’ নামে দুটি দল মাঠে নামে। ম্যাচে রেফারির পাশাপাশি প্রতীকী ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবস্থাও রাখা হয়।

আল-আফিফি বলেন, “পুরো পরিবেশ ছিল আবেগ ও উদ্দীপনায় ভরা। এটি ছিল স্পেন জাতীয় দলের প্রতি আমাদের সবচেয়ে বড় সমর্থনের প্রকাশ”।

স্পেনের অবস্থান কৃতজ্ঞতার কারণ

২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ ছাড়া স্পেনের জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন খেলোয়াড় ও কোচও গাজার মানুষের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন লামিন ইয়ামাল এবং সাবেক ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

গাজার প্রতিবন্ধী ফুটবল দল ‘গাজা আল-ইরাদার’ প্রধান কোচ হাতেম আল-মাগরিবি বলেন, “পুরো ফিলিস্তিনই চায় স্পেন বিশ্বকাপ জিতুক। আমাদের খেলোয়াড়রা হাত-পা হারিয়েছে, কিন্তু যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা তারা হারায়নি”।

তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।

ধ্বংসস্তূপের মাঝেও বেঁচে আছে ফুটবল

আল-আফিফি জানান, যুদ্ধের কারণে গাজার প্রায় সব বড় স্টেডিয়ামই ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে ছোট আকারের মাঠে পাঁচজনের দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ফুটবল টিকিয়ে রাখার চেষ্টা চলছে।

তার ভাষায়, “যুদ্ধ, ধ্বংস আর মানবিক সংকটের মধ্যেও ফুটবল মানুষকে অন্তত ৯০ মিনিটের জন্য বাস্তবতা ভুলে থাকার সুযোগ দিচ্ছে”।

তিনি আশা প্রকাশ করেন, ফাইনাল উপলক্ষে গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দায় ম্যাচ দেখানোর উদ্যোগ নেওয়া হবে।

আর্জেন্টিনার প্রতিও সম্মান

স্পেনকে সমর্থন করলেও আর্জেন্টিনার প্রতি কোনো বিদ্বেষ নেই বলে জানান আল-আফিফি। তিনি বলেন, “আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। স্পেনকে সমর্থন করার অর্থ এই নয় যে আমরা আর্জেন্টিনার শত্রু। তাদের প্রতিও আমাদের সম্মান রয়েছে”।

হাতেম আল-মাগরিবির মতে, লিওনেল মেসির কারণে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে আহমেদ আল-বোজমের বিশ্বাস, নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে বিশ্বকাপ জিতবে স্পেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা