× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রহর গুণছে ফুটবল বিশ্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২৩:৫৮ পিএম

মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দেখছেন মেক্সিকোর সমর্থকরা। ছবি: রয়টার্স

মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দেখছেন মেক্সিকোর সমর্থকরা। ছবি: রয়টার্স

৩৮ দিনের লড়াই, ১০৩টি ম্যাচ আর ৪৬টি দলের বিদায়ের পর অবশেষে শেষ অধ্যায়ে এসে পৌঁছেছে বিশ্বকাপ ২০২৬।

শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা আর্জেন্টিনা ও দুই নম্বরে থাকা স্পেন।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৬৬ সালে। প্রায় ছয় দশক পর আবারও বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা। তবে এই ম্যাচ কেবল দুটি দলের লড়াই নয়; এটি দুই ভিন্ন ফুটবল দর্শন, দুই প্রজন্মের দুই মহাতারকা এবং বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ-বর্তমানের এক অনন্য দ্বৈরথ।

শক্তির বিপক্ষে শৈলীর পরীক্ষা

ফাইনালে মুখোমুখি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ঘরানার দুই দল। একদিকে আর্জেন্টিনার আগ্রাসী, গতি ও শারীরিক শক্তিনির্ভর ফুটবল, অন্যদিকে স্পেনের ধৈর্য, বল দখল আর নিখুঁত পাসিংয়ের দর্শন।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পছন্দ করে। আক্রমণাত্মক ফুটবল, কঠোর ট্যাকল আর নিরন্তর লড়াইয়ের মধ্য দিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায় আলবিসেলেস্তেরা। সেই পরিশ্রমের সুফল সবচেয়ে বেশি পান দলের অধিনায়ক লিওনেল মেসি।

অন্যদিকে স্পেন বিশ্বাস করে বল নিজেদের পায়ে রাখার দর্শনে। ধৈর্য ধরে একের পর এক পাস দিয়ে প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকে লা রোজা। ২০১০ সালের বিশ্বকাপজয়ী ‘টিকি-টাকা’ দর্শনের আধুনিক রূপই এবারও তাদের মূল ভরসা।

রদ্রিকে থামাতে চাইবে আর্জেন্টিনা

স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৯৪টি পাস দিয়েছেন এই মিডফিল্ডার, যা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে শতাধিক বেশি।

তাই স্পেনের ছন্দ ভাঙতে হলে রদ্রিকে থামানোই হবে আর্জেন্টিনার অন্যতম লক্ষ্য। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাউল করা দলও আর্জেন্টিনা। ফলে ফাইনালে শক্ত লড়াই, তীব্র ট্যাকল এবং উত্তপ্ত মুহূর্তের অভাব হবে না বলেই ধারণা করা হচ্ছে।

তবে স্পেনের বিশ্বাস, যেকোনো ধরনের ফুটবলের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

রদ্রি বলেন, “এই ম্যাচটি আরও বেশি শারীরিক লড়াইয়ের হবে। আমরা সেটার জন্য প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী রক্ষণ, পাল্টা আক্রমণ কিংবা আক্রমণ—সব ধরনের ফুটবল খেলতে পারি। এ কারণেই আমরা ফাইনালে”।

রাজা বনাম যুবরাজ

ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ নিসন্দেহে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই।

প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করা মেসির সামনে এবার নতুন প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল তারকা ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা এবং স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা এসেছে তার হাত ধরে। অভিষেক বিশ্বকাপেই দলকে তুলেছেন ফাইনালে।

বার্সেলোনা থেকে উঠে আসা, ডান প্রান্তে খেলা এবং অসাধারণ ড্রিবলিং- এসব কারণে ইয়ামালের সঙ্গে মেসির তুলনা অনেক দিন ধরেই হচ্ছে। যদিও স্প্যানিশ এই তরুণ বরাবরই নিজস্ব পরিচয় গড়ে তোলার কথাই বলে আসছেন।

বিশ্বকাপের আগে চোট থেকে ফিরলেও টুর্নামেন্টজুড়ে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন ইয়ামাল। ফলে তাকে থামানোও হবে আর্জেন্টিনার অন্যতম বড় চ্যালেঞ্জ।

মেসির জাদুতে বেঁচে থাকা আর্জেন্টিনা

টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে এই পরিসংখ্যানের আড়ালে রয়েছে একাধিক নাটকীয় প্রত্যাবর্তনের গল্প।

রাউন্ড অব ৩২ এ কেপ ভার্দে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ১১ মিনিট বাকি থাকতেও পিছিয়ে ছিল আর্জেন্টিনা, সেখান থেকে মেসির জাদুতে জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লাল কার্ডের সুবিধা এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের প্রত্যাবর্তন- সব মিলিয়ে নাটকীয় পথ পেরিয়েই ফাইনালে পৌঁছেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসি বলেন, “আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। এটা প্রমাণ করে আমাদের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, কিংবা কেউ আমাদের কিছু উপহার দেয়নি”।

স্পেনের আত্মবিশ্বাস বাড়ছে ম্যাচে ম্যাচে

অন্যদিকে স্পেন টুর্নামেন্টের শুরুতে ড্র করলেও এরপর ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরেছে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে লা রোজা।

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে নেমে মিকেল মেরিনোর জোড়া জয়সূচক গোল স্পেনকে ফাইনালের পথ দেখায়।

পরিসংখ্যানও দুই দলের ভিন্ন চরিত্রের গল্প বলে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ১৯ গোল করেছে আর্জেন্টিনা, আর মাত্র একটি গোল হজম করে সবচেয়ে শক্তিশালী রক্ষণ গড়েছে স্পেন।

ফুটবলের বাইরেও থাকছে বাড়তি আকর্ষণ

ফাইনাল ঘিরে মাঠের বাইরেও রয়েছে নানা আয়োজন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে, যেখানে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস এবং জাস্টিন বিবার।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষণা অনুযায়ী, ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিও তুলে দেবেন ট্রাম্প।

সব মিলিয়ে বিশ্বকাপ ২০২৬ এর শেষ ম্যাচটি শুধু শিরোপার লড়াই নয়, বরং ফুটবলের দুই দর্শন, দুই প্রজন্ম এবং দুই মহাতারকার মুখোমুখি হওয়ার এক স্মরণীয় উপলক্ষ হতে চলেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা