× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ইতিহাসে প্রথম হাফটাইম শো, যা যা থাকছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২৩:২১ পিএম

ক্লাব বিশ্বকাপ ফাইনালে হাফ-টাইম শো-তে পারফর্ম করছেন ক্রিস মার্টিন, জে বালভিন, টেমস, ডোজা ক্যাট এবং ইমানুয়েল কেলি। ছবি: রয়টার্স

ক্লাব বিশ্বকাপ ফাইনালে হাফ-টাইম শো-তে পারফর্ম করছেন ক্রিস মার্টিন, জে বালভিন, টেমস, ডোজা ক্যাট এবং ইমানুয়েল কেলি। ছবি: রয়টার্স

আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফাইনাল দিয়ে ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর পর্দা নামছে আজ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফটাইম শো।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বিকাল ৩টায় শুরু হবে ফাইনাল। বিশ্বকাপ চলাকালে মেটলাইফ স্টেডিয়ামের নাম অস্থায়ীভাবে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম রাখা হয়েছে। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতেই ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল।

ম্যাচের আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান

ফাইনালের সমাপনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়। ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গ্র্যামি ও অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।

ফিফার ভাষ্য, তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোজুড়ে এক মাসব্যাপী অনুষ্ঠিত বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত এবং ৪৮ দলের অংশগ্রহণকে উদযাপন করতেই এই আয়োজন।

সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন মার্কিন তারকা পোস্ট ম্যালোন। এ ছাড়া মঞ্চে দেখা যাবে ইতালির লরা পাওসিনি, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস, মার্কিন শিল্পী নিকোল শেরজিঞ্জার এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডকে। বিশেষ উপস্থিতি থাকবে হলিউড অভিনেতা টম ক্রুজেরও।

বিশ্বকাপে প্রথমবারের মতো হাফটাইম শো

এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শোর আয়োজন করছে ফিফা। প্রথমার্ধ শেষ হওয়ার পর বিরতিতে এই পরিবেশনা অনুষ্ঠিত হবে। ম্যাচের সময়সূচি অনুযায়ী এটি স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের পর শুরু হওয়ার কথা।

হাফটাইম শো প্রায় ১১ মিনিট স্থায়ী হলেও মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়ার কারণে বিরতি ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বাড়তে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যদিও আইএফএবির নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচের বিরতি সাধারণত ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। এ বিষয়ে ফিফা এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

এর আগে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে পরীক্ষামূলকভাবে হাফটাইম শোর আয়োজন করা হয়েছিল। তবে এবার মঞ্চ সরাসরি মাঠের ওপর তৈরি করা হবে এবং কয়েক মিনিটের মধ্যেই তা সরিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা হবে।

মূল আকর্ষণ জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা ও বিটিএস

বিশ্বকাপের প্রথম হাফটাইম শোর প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

তাদের সঙ্গে পারফর্ম করবেন নাইজেরিয়ার বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। পুরো পরিবেশনার সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

এই হাফটাইম শোর মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড-এর জন্য ১০ কোটি ডলার সংগ্রহের উদ্যোগকে সমর্থন করা হবে। এর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ।

এক বিবৃতিতে জাস্টিন বিবার বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পুরো বিশ্বকে একত্রিত করে। এই হাফটাইম শোর অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। আরও ভালো লাগছে, কারণ এই আয়োজন শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করছে”।

অন্যদিকে বার্না বয় বলেন, “বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পারফর্ম করা তার জন্য যেমন সম্মানের, তেমনি এটি বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করারও একটি বড় সুযোগ”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা