২০২৬ ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা শেষ প্রহরীরা। প্রতীকী ছবি
বিশ্বকাপ মানেই গোলের উল্লাস। অবিশ্বাস্য গোল, চোখধাঁধানো ড্রিবল কিংবা নতুন কোনো সুপারস্টারের উত্থান; এসবই যুগে যুগে বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছে। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপ যেন সেই চেনা গল্প বদলে দিয়েছে। এবার সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা শেষ প্রহরীরা।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, লামিন ইয়ামাল, হ্যারি কেন কিংবা নেইমারের মতো তারকারা মাঠে থাকলেও বহু ম্যাচের আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন গোলকিপাররা।
তাদের অবিশ্বাস্য সেভ, অতিমানবীয় রিফ্লেক্স এবং মানসিক দৃঢ়তাই বদলে দিয়েছে একের পর এক ম্যাচের ভাগ্য।
এই বিশ্বকাপে ছোট দলগুলোর সাহসী লড়াইয়ের সবচেয়ে বড় কারণও গোলরক্ষকদের অসাধারণ পারফরম্যান্স।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘ সময় চাপ সামলেও তারা দলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন।
অনেক ক্ষেত্রে একাই প্রতিপক্ষের আক্রমণের সামনে মানবপ্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। ফলে যেসব দলকে টুর্নামেন্টের আগে কেউ হিসাবেই ধরেনি, তারাই পরাশক্তিদের ঘাম ছুটিয়ে দিয়েছে।
অনেক ম্যাচে আক্রমণের পর আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ফেভারিটরা। কারণ গোলপোস্টের নিচে তখন দাঁড়িয়ে ছিলেন একেকজন দুর্ভেদ্য প্রাচীর।
এই তালিকার শীর্ষে থাকবেন নিঃসন্দেহে কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনহা।
৪০ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দেকে এনে দিয়েছেন ইতিহাসের সেরা সাফল্য।
এই গোলপোস্টের নিচে থাকা প্রহরীর কারণেই গ্রুপ পর্বে কোনো ম্যাচই হারেনি তারা।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং পরে নকআউট পর্বে ওঠার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি।
টুর্নামেন্টজুড়ে অসাধারণ ওয়ান-অন-ওয়ান সেভ, দুর্দান্ত রিফ্লেক্স এবং মোট ১৮টি সেভ করে তিনি যেন গোলপোস্টের নিচে এক অদম্য দুর্গে পরিণত হয়েছিলেন।
আর্জেন্টিনার বিপক্ষেও শেষ পর্যন্ত লড়ে গেছেন একাই। বিদায় নিলেও বিশ্বকাপের অন্যতম আবিষ্কার হয়ে থাকবেন ভোজিনহা।
বড় অঘটনের জন্ম দেওয়া প্যারাগুয়ের পেছনেও ছিলেন আরেক নায়ক গোলকিপার অরলান্দো গিল।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে প্যারাগুয়ে। অথচ এর আগে বিশ্বকাপে টাইব্রেকারে কখনও হারেনি জার্মানি। সেই রেকর্ড ভাঙার মূল কারিগর ছিলেন হিল।
ম্যাচে ছয়টি দুর্দান্ত সেভের পাশাপাশি টাইব্রেকারে জার্মানির দুটি শট ঠেকিয়ে নিজের নাম লিখিয়েছেন বিশ্বকাপের স্মরণীয় অধ্যায়ে।
বিশ্বকাপের রূপকথার গল্পগুলোর একটি লিখেছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও।
বিশ্বকাপে তাদের লক্ষ্য ছিল অভিজ্ঞতা অর্জন। কিন্তু মাঠে তারা লিখে ফেলল ইতিহাস।
মাত্র দেড় লাখ মানুষের দেশটি বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে লাতিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে।
শেষ বাঁশির পর তাদের উদযাপন দেখে মনে হচ্ছিল যেন বিশ্বকাপই জিতে ফেলেছে। সেই আনন্দের কেন্দ্রবিন্দুতে ছিলেন গোলকিপার এলোই রুম।
আগের ম্যাচে জার্মানির কাছে সাত গোল হজম করা দলটি তার হাত ধরে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। পুরো ম্যাচে ১৫টি সেভ করে তিনি একাই থামিয়ে দেন ইকুয়েডরের আক্রমণভাগ।
ধারাভাষ্যকারের কণ্ঠেও তখন বিস্ময় 'কুরাসাও শুধু ইকুয়েডরকে নয়, চমকে দিল পুরো ফুটবল বিশ্বকে।'
ব্যক্তিগত রেকর্ডেও ইতিহাস গড়েছেন স্পেনের উনাই সিমোন। টানা ৫১৯ মিনিট কোনো গোল না খেয়ে তিনি ভেঙে দিয়েছেন ইতালির কিংবদন্তি ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছরের পুরনো ৫১৭ মিনিটের বিশ্বকাপ রেকর্ড।
কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব, অস্ট্রিয়া ও পর্তুগালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে ক্লিন শিট রেখে স্পেনের রক্ষণকে অভেদ্য করে তুলেছিলেন তিনি।
পরে বেলজিয়ামের বিপক্ষে একটি গোল খেলেও সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে আবারও জাল অক্ষত রাখেন।
২০২২ বিশ্বকাপের নায়ক ইয়াসিন বোনো এবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে তার অসাধারণ সেভ মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে।
একইভাবে ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড নরওয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে একাধিক নিশ্চিত গোল ফিরিয়ে দিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।
সুইজারল্যান্ডের গ্রেগর কোবেলও ছিলেন টুর্নামেন্টের অন্যতম আবিষ্কার।
কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোতে ১২০ মিনিট গোলশূন্য ম্যাচে অসাধারণ গোলরক্ষণের পর টাইব্রেকারেও তার দৃঢ়তা সুইজারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলেছিল।
অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা ছিলেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তার কয়েকটি দুর্দান্ত সেভ আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ প্রশস্ত করে।
বিশ্বকাপের ইতিহাস হয়তো শেষ পর্যন্ত মনে রাখবে চ্যাম্পিয়নের নাম, সর্বোচ্চ গোলদাতার নাম কিংবা ফাইনালের নায়ককে।
কিন্তু ২০২৬ সালের এই আসরকে স্মরণ করলে আরেকটি ছবিও ভেসে উঠবে গোলপোস্টের নিচে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা একেকজন শেষ প্রহরীর। তাদের গ্লাভসে আটকে গেছে কত শত গোল, তাদের ঝাঁপে থেমে গেছে পরাশক্তিদের উল্লাস।