× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনন্য ওরা ১৮

রুমেল খান

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১২:০২ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১২:১৬ পিএম

 (বাঁ দিক থেকে) নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

(বাঁ দিক থেকে) নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফুটবল ইতিহাসের যেকোনো বৈশ্বিক আসরই রেকর্ডের পাতায় নতুন রঙ চড়ায়। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে এমন এক বিরল দৃশ্যপট, যা আগে কোনো বিশ্বকাপে কখনও দেখা যায়নি।

এবারের আসরে অংশ নিয়েছেন এমন ১৮ বিশেষ ফুটবলার, যারা প্রত্যেকেই নিজ নিজ দেশের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার!  একই মঞ্চে এতজন জীবন্ত কিংবদন্তির পদচারণা এই বিশ্বকাপকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

এই কীর্তিমানদের তালিকায় যেমন আছেন ফুটবল ইতিহাসের দুই অবিসংবাদিত সেরা খেলোয়াড়, তেমনি আছেন বর্তমান প্রজন্মের গোলমেশিনরা।

এই মহাতারকাদের মধ্য থেকে বাছাই করা ১০ গোল শিকারিকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি শুধু গোল করতেই নন, গোল করাতেও এক জাদুকর।

আলবিসেলেস্তেদের জার্সিতে গোল করার সেঞ্চুরি বহু আগেই পার করা মেসি এই বিশ্বকাপেও খেলছেন দলের মূল কান্ডারি হিসেবে (২০৬ ম্যাচে ১২৫ গোল)।

তার পায়ের প্রতিটি ছোঁয়া যেন সবুজ মাঠে এক একটি নিখুঁত কবিতা। ফাইনালের আগ পর্যন্ত করেছেন সর্বোচ্চ ৮ গোল।

কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

এই তালিকার সবচেয়ে রোমাঞ্চকর এবং ব্যতিক্রমী নামটি হলো কিলিয়ান এমবাপে।

এই বিশ্বকাপে আসার আগে তিনি ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা ছিলেন না। কিন্তু বিশ্বকাপের পর্দা ওঠার পর তিনি স্বদেশী কিংবদন্তি অলিভিয়ার জিরুদের ৫৭ গোলের রেকর্ডকে টপকে ফরাসিদের পক্ষে সর্বকালের একক সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লেখান (১০৫ ম্যাচে ৬৪ গোল)।

গতির ঝড় তুলে এমবাপে এখন ফরাসি ফুটবলের নতুন সম্রাট। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে এই বিশ্বকাপে এখন তার গোল সংখ্যা ১০।

এমনকি এই জোড়া গোলের মাধ্যমে মেসিকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি।

আর্লিং হালান্ড (নরওয়ে)

ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড এই বিশ্বকাপে তার দেশের স্বপ্নকে একাই টেনে নিয়ে গেছেন।

নরওয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৫৫ ম্যাচে ৬২ গোল) হিসেবে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য তিনি এক মূর্তিমান আতঙ্ক ছিলেন। করেছেন ৭ গোল।

হ্যারি কেন (ইংল্যান্ড)

অনেক আগেই ওয়েইন রুনির রেকর্ড ভেঙে ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতার (১২১ ম্যাচে ৮৫ গোল) স্থানটি নিজের করে নেন হ্যারি কেন। 

কেবল নিখুঁত ফিনিশিংই নয়, থ্রি-লায়ন্সদের অধিনায়ক হিসেবে লিডারশিপ এবং প্লে-মেকিংয়েও তিনি অনন্য। এই বিশ্বকাপে তার গোলসংখ্যা ৬।

রোমেলু লুকাকু (বেলজিয়াম)

বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর সবচেয়ে বিধ্বংসী স্ট্রাইকার রোমেলু লুকাকু।

রেড ডেভিলসদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে গোল (১৩২ ম্যাচে ৯৩ গোল) করার ক্ষেত্রে তিনি এক অপ্রতিরোধ্য নাম, যার শারীরিক শক্তি এবং ফিনিশিং দক্ষতা বিশ্বমানের।

অথচ এবারের বিশ্বকাপে তিনি আনফিট এবং ওভার ওয়েটের অধিকারী হয়েও দলে ডাক পেয়েছেন স্রেফ অভিজ্ঞতার জোরে। তারপরও করেছেন ৩ গোল।

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

পর্তুগাল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসেরই সর্বোচ্চ গোলদাতার (২৩৩ ম্যাচে ১৪৬ গোল) সিংহাসনটি যার দখলে, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এবারের বিশ্বকাপেও পর্তুগালের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন।

যদিও এবারের আসরে পেনাল্টি বক্সের ভেতরে তার ক্ষিপ্রতা এবং অবিশ্বাস্য গোলক্ষুধা সিআর সেভেনের মধ্যে তেমনভাবে পরিলক্ষিত হয়নি। করেছেন মাত্র ৩ গোল।

তার দলও বিদায় নিয়েছে প্রি-কোয়ার্টার থেকে।

নেইমার জুনিয়র (ব্রাজিল)

ব্রাজিলের ফুটবল ইতিহাসের মহানায়ক পেলেকে টপকে সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুট আগেই পরেছিলেন নেইমার জুনিয়র। 

ইনজুরি আর চড়াই-উতরাই পেরিয়ে এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলতে নামেন দীর্ঘ ৯৮১ দিন পর।

গ্রুপ পর্বে খেলেন মাত্র ১৪ মিনিট। বেশিরভাগ সেময়ই তাকে কাটাতে হয় সাইডবেঞ্চে

রাউন্ড অব সিক্সটিন ম্যাচে নরওয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি যখন তাকে মাঠে নামান, ততক্ষণে ব্রাজিলের হার প্রায় নিশ্চিত। 

তারপরও পেনাল্টি থেকে ১টি গোল করে হারের ব্যবধান কমান শেষ বিশ্বকাপ খেলা নেইমার (১৩০ ম্যাচে ৮০ গোল)।

তারপর অশ্রুসজল নয়নে বিদায় জানান আন্তর্জাতিক ফুটবলকে।

সাদিও মানে (সেনেগাল)

আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা তারকা সাদিও মানে সেনেগালের ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ গোল স্কোরার (১৩২ ম্যাচে ৫৫ গোল)।

তেরাঙ্গা লায়ন্সদের হয়ে তার গতি এবং অসাধারণ ড্রিবলিংশৈলী আফ্রিকান ফুটবলের গৌরবকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। কিন্তু এই বিশ্বকাপে মানের কোনো গোল নেই।

মেমফিস ডিপে (নেদারল্যান্ডস)

রবিন ভ্যান পার্সির মতো কিংবদন্তিকে পেছনে ফেলে ডাচ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (১১২ ম্যাচে ৫৫ গোল) চূড়ায় বসেছেন মেমফিস ডিপে। 

নেদারল্যান্ডসের আক্রমণভাগে তার ড্রিবলিং ও নিখুঁত ফ্রি-কিক দলকে বারবার খাদের কিনারা থেকে টেনে তোলে।

যদিও এবারের বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি!

এডিন জেকো (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা)

বসনিয়ার ফুটবলের ইতিহাসে একমেবাদ্বিতীয়ম নাম এডিন জেকো।

দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং দুর্দান্ত হেড করার ক্ষমতা নিয়ে এই বুড়ো বয়সেও তিনি বসনিয়া দলের প্রধান চালিকাশক্তি। তবে এই বিশ্বকাপে কোনো গোল নেই তার (১৫২ ম্যাচে ৭৩ গোল)।

বাকি ৮ গোলদাতা

১০ মহাতারকার বাইরে বাকি যে ৮ ফুটবলার নিজ দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মাথায় নিয়ে এই ২০২৬ বিশ্বকাপে লড়েছেন, তারা হলেন: আলময়েজ আলি (কাতার ৬০ গোল), এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর: ৪৯ গোল), মার্কো আর্নাউতোভিচ (অস্ট্রিয়া ৪৯ গোল), ক্রিস উড (নিউজিল্যান্ড: ৪৫ গোল), ডাকেন্স নাজন (হাইতি ৪৪ গোল), এলদোর শোমুরোদোভ (উজবেকিস্তান: ৪৫ গোল), জোনাথন ডেভিড (কানাডা: ৪২ গোল) এবং রায়ান মেন্ডেস (কেপ ভার্দে: ২২ গোল)।

সুয়ারেজ-সালাহর আক্ষেপ

এই তালিকার আরেকটি নাম হতে পারত উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের (১৪৩ ম্যাচে ৬৯ গোল)।

সুয়ারেজ তার আন্তর্জাতিক অবসর ভেঙে এবারের বিশ্বকাপে খেলতে উন্মুখ ছিলেন।

কিন্তু উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা কৌশলগত কারণে তাকে দলে রাখেননি।

এমনটা না হলে এই বিশেষ তালিকায় যুক্ত হতে পারত সুয়ারেজের নামও।

অন্যদিকে মিসরের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহামেদ সালাহও এই তালিকায় আসতে পারেননি অল্পের জন্য।

এই বিশ্বকাপে অংশ নিলেও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ১টি গোল (১২১ ম্যাচে ৬৮ গোল)।

সেটি করতে পারলেই ছুঁতে পারতেন হোসাম হাসানকে (৬৯ গোল), যিনি মিসর জাতীয় দলের বর্তমান প্রধান কোচ।

সব মিলিয়ে ২০২৬ সালের এই বিশ্বকাপটি ফুটবলপ্রেমীদের জন্য কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্বফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল এবং ঐতিহাসিক গোলদাতাদের একসঙ্গে দেখার এক মহাউৎসবও বটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা