জাহাঙ্গীর সুর
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১১:০০ এএম
লিওনেল মেসি। ছবি: রয়টার্স
ফুটবলের সবুজ গালিচায় লিওনেল মেসির পায়ের কারুকাজ যেন এক জাদুকরী মোহজাল, যা মুহূর্তেই বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ করে রাখে।
কীভাবে তিনি অনায়াসে প্রতিপক্ষের দুর্ভেদ্য রক্ষণপ্রাচীর ধসিয়ে, একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান?
সাধারণ চোখে যা নিছকই ‘জাদু’ বা ঈশ্বরদত্ত প্রতিভা, বিজ্ঞানীদের চোখে তা মোটেও অলৌকিক কিছু নয়।
বরং এটি নিখুঁত শারীরিক নিয়ন্ত্রণ, ক্ষিপ্রতা, চমৎকার ভারসাম্য ও পারিপার্শ্বিক অবস্থার সাথে দ্রুত মানিয়ে নেওয়ার এক অনবদ্য বৈজ্ঞানিক সমীকরণ।
এই রহস্য উন্মোচনেই পরিচালিত হয়েছে এক অভিনব গবেষণা।
ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে মেসির গোল করার পেছনের শারীরিক দক্ষতা বা মোটর স্কিলের এক নিখুঁত ব্যবচ্ছেদ করা হয়েছে।
আধুনিক ফুটবলে কেবল শারীরিক সক্ষমতাই শেষ কথা নয়; বরং কৌশলগত প্রজ্ঞা ও মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই গড়ে দেয় আসল ব্যবধান।
মাঠে প্রতিপক্ষের কড়া পাহারা এবং মাঝমাঠের তীব্র ভিড় এড়িয়ে গোল পেতে হলে একজন ফরোয়ার্ডকে বহুমুখী দক্ষতার অধিকারী হতে হয়
এই বাস্তবতা সামনে রেখেই মার্তা কাস্তানের নেতৃত্বে স্পেনের একদল গবেষক ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই মহাতারকার জাদুকরী মুহূর্তগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন।
প্রাকৃতিক প্রবণতা ও সূক্ষ্ম দক্ষতার নিপুণ রসায়ন
ফুটবল মাঠে বল জালে জড়ানোর ক্ষেত্রে লিওনেল মেসি কীভাবে তার শারীরিক দক্ষতা এবং শরীরের একপেশে প্রবণতা (ল্যাটারালিটি) কাজে লাগান, তা নিবিড়ভাবে বিশ্লেষণ করাই ছিল এই গবেষণার মূল উপজীব্য।
ম্যাচের কৌশলগত পরিস্থিতি যা-ই হোক না কেন, সতীর্থের কাছ থেকে শেষ পাসটি রিসিভ করা থেকে শুরু করে ঠিক শট নেওয়ার আগমুহূর্ত পর্যন্ত মেসি কীভাবে পরিস্থিতি নিজের অনুকূলে আনেন, তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই ছিল গবেষকদের প্রধান লক্ষ্য।
পর্যবেক্ষণের আতশকাচে ১০৩টি গোল
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ এক দশকে তিনটি শীর্ষ প্রতিযোগিতায় মেসির করা মোট ১০৩টি গোল এই গবেষণার নমুনা হিসেবে বিশ্লেষণ করা হয়েছে।
এর মধ্যে স্প্যানিশ প্রিমিয়ার লিগ বা লা লিগার ৭৪টি, কোপা দেল রের ৮টি ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২১টি গোল অন্তর্ভুক্ত ছিল।
প্রতিটি গোলের ক্ষেত্রে, মেসি সর্বশেষ পাসটি রিসিভকরার মুহূর্ত থেকে শুরু করে গোল করার উদ্দেশ্যে শট নেওয়ার আগ পর্যন্ত পুরো সময়টি বা ধারাবাহিকতাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
গোল নির্বাচনের ক্ষেত্রে শর্ত ছিল, গোলের মুহূর্তটি ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যেতে হবে এবং অন্তত দুটি ভিন্ন কোণ থেকে সেই গোলের রেকর্ডিং থাকতে হবে।
পাস পাওয়ার সঙ্গে সঙ্গেই সরাসরি শট নিয়ে করা গোলগুলোকে এই গবেষণা থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সেখানে মোটর স্কিল পর্যবেক্ষণের সুযোগ কম থাকে।
মেসির আচরণের নিখুঁত গাণিতিক মানচিত্র গবেষণায় উন্নত বেশ কিছু বৈজ্ঞানিক সফটওয়্যার এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সাধারণ টেলিভিশনে সম্প্রচারিত খেলার ভিডিও ফুটেজ থেকে মূল ডেটা সংগ্রহ করা হয়েছে।
স্পেনের একজন জাতীয় ফুটবল কোচ এবং বিশ্ববিদ্যালয়ের একজন মোটর স্কিল বিশ্লেষক অধ্যাপক মিলে ভিডিওগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছেন।
মূল গবেষণায় যাওয়ার আগে অন্য ৩৫টি গোলের ভিডিও দিয়ে তারা এই টুল ব্যবহারের প্রশিক্ষণ নিয়েছিলেন।
ভিডিওতে খেলোয়াড়ের গতিবিধি নিখুঁতভাবে রেকর্ড, বিপুল পরিমাণ ডেটার প্রাথমিক অনুসন্ধান, খেলোয়াড়ের আচরণের অনুক্রম খোঁজা এবং পরিসংখ্যানগত আনুপাতিক তুলনার জন্য পৃথক পৃথক সফটওয়্যার ব্যবহার করা হয়।
প্রতিপক্ষ ডিফেন্ডারের সংখ্যার প্রভাবহীনতা
মজার ব্যাপার হলো, গোল করার আগে সতীর্থের পাস পাওয়ার পর মেসি কতজন ডিফেন্ডারকে পরাস্ত করেছেন, তার সাথে গোল করার সরাসরি কোনো প্রভাব এই গবেষণায় পাওয়া যায়নি।
গবেষকদের মতে, শট নেওয়ার ঠিক আগের মাত্র দুটি মুহূর্ত বিশ্লেষণ করায় এমন ফলাফল আসতে পারে।
বাঁ পায়ের রাজত্ব, তবে ডান পায়েরও কৌশলগত ব্যবহার: আমরা সবাই জানি, মেসি একজন বাঁ পায়ের খেলোয়াড়।
গবেষণার পরিসংখ্যানও বলছে, তিনি গোল করার ক্ষেত্রে ডান পায়ের চেয়ে বাঁ পা অনেক বেশি ব্যবহার করেন।
বিশ্বের বেশিরভাগ খেলোয়াড়ই ডানহাতি বা ডান পায়ের হয়ে থাকেন। তবে মেসি অত্যন্ত বহুমুখী দক্ষতার অধিকারী।
বিশ্লেষণে দেখা গেছে, তিনি তার ডান পা ও সেই পা ব্যবহার করে শরীরকে ডান দিকে ঘুরিয়ে নেন, যাতে বাঁ দিকের ডিফেন্ডাররা বিভ্রান্ত হয় এবং তিনি তার শক্তিশালী বাঁ পায়ে এগিয়ে যাওয়ার জায়গা পান।
পায়ের বাইরের ও ভেতরের অংশের নিখুঁত সমন্বয়
মেসি প্রায়ই বল নিয়ে এগোনোর সময় তার ডান পায়ের বাইরের অংশ ব্যবহার করেন এবং একই সাথে তার শরীর ডান দিকে কোনাকুনি করে রাখেন।
গবেষকরা ধারণা করছেন, ডিফেন্ডারদের কাছ থেকে বল আড়াল করতে এবং শট নেওয়ার জন্য বাঁদিকে প্রশস্ত কোণ বা জায়গা তৈরি করতেই তিনি এই কাজ করেন।
বিশ্লেষণে দেখা গেছে, পায়ের ভেতরের অংশ ও বাইরের অংশের ব্যবহারের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে।
মেসি পায়ের ভেতরের অংশ দিয়ে বল রিসিভ করে নিয়ন্ত্রণে নেন এবং এরপরই পায়ের বাইরের অংশ ব্যবহার করে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে যান।
শরীরের দিক পরিবর্তন যখন মেসির পিঠ
গোলপোস্টের দিকে থাকে, তখন তিনি তার ডান পায়ের ওপর ভর দিয়ে ঘোরেন, যাতে তার শক্তিশালী বাঁ-পা নিখুঁত শট নেওয়ার জন্য মুক্ত থাকে।
গোলমুখী হওয়ার সময় মেসি প্রায়ই তার শরীরকে গোললাইনের সাপেক্ষে ডান দিকে কোনাকুনি করে রাখেন, যাতে তিনি ডান দিক থেকে বাঁদিকে সরে গিয়ে গোলের সুযোগ তৈরি করতে পারেন।
বাঁ-পায়ের খেলোয়াড়দের জন্য এই শরীর ঘোরানোর কৌশলটি অত্যন্ত কার্যকর।
ডানদিকের ডানায় আক্রমণ
যদিও মেসি বাঁ-পায়ের খেলোয়াড়, তবুও তিনি বল নিয়ে গোলের দিকে এগোনোর সময় মাঠের বাঁদিকের চেয়ে ডানদিকের ডানায় এবং ডান মিডফিল্ড বেশি ব্যবহার করেন
কারণ ডানদিক থেকে আক্রমণ শানালে তিনি তার বাঁ-পায়ে শট নেওয়ার জন্য সবচেয়ে ভালো কোণ বা অ্যাঙ্গেল পান।
ছোট ছোট পদচারণা বল পায়ে থাকার সময় মেসি প্রতিবার স্পর্শ করার আগে এক থেকে পাঁচটি ছোট ছোট পা ফেলেন।
এই বিশেষ দক্ষতার কারণে তিনি প্রচন্ড গতিতে দৌড়ানোর সময়ও বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।
তিনি অনেক সময় শরীরকে পুরোপুরি ৩৬০ ডিগ্রি না ঘুরিয়ে এমন ভান করেন যেন তিনি অন্যদিকে যাচ্ছেন, এর ফলে ডিফেন্ডাররা বিভ্রান্ত হন এবং তিনি জিগজ্যাগ গতিতে এগিয়ে যাওয়ার ফাঁকা জায়গা পেয়ে যান।
কখনও কখনও তিনি হাওয়ায় ভাসা বল বুক দিয়েও নিয়ন্ত্রণ করেন।
এক অপ্রতিদ্বন্দ্বী মহাজাগতিক নক্ষত্র
লিওনেল মেসির আকাশচুম্বী সাফল্যের অন্যতম প্রধান কারণ তার বহুমুখী মোটর স্কিল বা শারীরিক দক্ষতা।
তিনি শুধু বাঁ-পায়ের জাদুকরই নন, তিনি এমন একজন ফরোয়ার্ড যিনি একই সাথে নিখুঁত পাস দিতে পারেন, ড্রিবল করে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারেন এবং ভয়ংকর শট নিতে পারেন, যাকে ফুটবল বিজ্ঞানের ভাষায় ‘ত্রিমুখী হুমকি’ বলা হয়।
বিজ্ঞানীরা মনে করেন, এই গবেষণার ফলাফল মাঠের কোচদের জন্য দারুণ সহায়ক হবে।
কোচেরা বুঝতে পারবেন মেসির মতো খেলোয়াড়দের থামাতে হলে ডিফেন্ডারদের কোথায় কীভাবে পজিশন নিতে হবে।
আকর্ষণীয় ব্যাপার হলো, এই গবেষণাটি প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। ফুটবল বিজ্ঞান মেসির গোল করার রহস্য ভেদ করলেও, মাঠের মেসিকে কেউ থামাতে পারেনি।
২০২২ সালে বিশ্বকাপ জয় করে তিনি এরই মধ্যে ফুটবল ইতিহাসে এক অনন্য উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন এবং ২০২৬ সালে তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।
বিজ্ঞান তার কাজ করেছে, আর মেসি আপন ছন্দে রচনা করে চলেছেন ফুটবলের অমর মহাকাব্য।