ফাইনালের আগে নিবিড় অনুশীলনে স্পেন ও আর্জেন্টিনা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
প্রথমবারের মতো ৪৮ দলের ফিফা বিশ্বকাপ। দলের সংখ্যা কমতে কমতে ২-এ এসে দাঁড়িয়েছে। শেষ ২-এ অর্থাৎ ফাইনালের মহারণে নাম লিখিয়েছে এক নম্বর ফিফা র্যাঙ্কিংধারী ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দুই নম্বর ফিফা র্যাঙ্কিংধারী এবং একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ যখন খেলা শুরুর বাঁশি বাজাবেন, তখন কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি নিবদ্ধ হবে জমজমাট এই ফাইনাল ম্যাচের ওপর। একদিকে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি, অন্যদিকে আগামীর মহাতারকা হওয়ার সম্ভাবনা নিয়ে স্পেনের লামিন ইয়ামাল। মেসি যাকে শিশুবেলায় স্নান করিয়েছিলেন, সেই ইয়ামালই সময়ের পরিক্রমায় আজ তার প্রতিপক্ষ! দুজনের মধ্যে দ্বৈরথটা অবশ্য আগেই হওয়ার কথা ছিল, সেটা ‘ফিনালিসিমা’য় (কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এক ম্যাচের টুর্নামেন্ট), কিন্তু নানা জটিলতায় সেই ফাইনাল এখন দেখা যাবে অন্যভাবে, বিশ্বকাপের মঞ্চে।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থে’। সব আসর মিলিয়ে দুই দলের সর্বমোট লড়াইয়ের পরিসংখ্যান অত্যন্ত হাড্ডাহাড্ডি। ১৪ ম্যাচের হাড্ডাহাড্ডি দ্বৈরথে দু’দলই সমান ৬টি করে ম্যাচ জিতেছে। বাকি ২ ম্যাচ ড্র হয়।
বিশ্বকাপের মঞ্চে তাদের একমাত্র সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ ৬০ বছর আগে, ১৯৬৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে; যেখানে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকে দুটি দেশই নিয়মিত বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং প্রায়শই নকআউট পর্বের শেষ ধাপ পর্যন্ত গেছে, কিন্তু বিশ্বমঞ্চে তাদের আর কখনোই দেখা হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দলের লড়াই মাঠের ফুটবলে একে অপরকে গুঁড়িয়ে দেওয়ার নজির আছে। ২০১৮ সালের এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল ‘লা রোজা’ খ্যাত স্পেন, যা সে সময় তাদের স্কোয়াডের বিধ্বংসী শক্তির জানান দিয়েছিল। রবিবারের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জেতার পাশাপাশি প্রতিশোধও নেওয়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার।
দুই পরাশক্তির এবারের লড়াইটি হচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ মর্যাদার মঞ্চে। আর্জেন্টিনা মাঠে নামছে টানা দ্বিতীয়বারের মতো এবং ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে (সার্বিকভাবে চতুর্থ শিরোপার লক্ষ্যে); অন্যদিকে ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বৈশ্বিক মুকুট মাথায় পরতে মুখিয়ে আছে স্পেন।
আর্জেন্টিনার সঙ্গে স্পেনের রয়েছে ঐতিহাসিক ও রাজনৈতিক সম্পর্ক। স্পেন বহু বছর ধরে লাতিন আমেরিকা শাসন করেছে। এই দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাও ছিল। প্রায় তিন শতাব্দীর স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে আর্জেন্টিনা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পথচলা শুরু করে ১৮১৬ সালে।
আর্জেন্টিনার জনসংখ্যার একটা বড় অংশ স্প্যানিশ বংশোদ্ভূত। ফলে দেশটির বেশিরভাগ মানুষের ভাষা স্প্যানিশ। শুধু ভাষা নয়, সংস্কৃতি, ধর্ম, খাদ্যাভ্যাসসহ আরও অনেক কিছুতেই স্পেনের সঙ্গে সাদৃশ্য আছে আর্জেন্টিনার। ম্যারাডোনা-মেসিসহ বহু ফুটবলার স্প্যানিশ লিগে খেলেছেন।
রবিবারের ফাইনালটা দুই দলের কোচেরও এক আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। কেননা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি গুরু হিসেবে মানেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। এদিকে ইয়ামালও মেসির দারুণ ভক্ত। ফলে লড়াইটা আবেগময়ও হতে যাচ্ছে।
এবারের বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগ মাত্র এক গোল হজম করেছে, যা তাদের অন্যতম বৈশিষ্ট্য। আর আর্জেন্টিনার অভ্যাস হয়ে গেছে আগে গোল হজম করে ৮০ মিনিটের পর গিয়ে গোল শোধ করে ম্যাচে ফিরে আসা। স্পেনের তিকিতাকা বনাম আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবলÑ রবিবারের ফাইনাল হাড্ডাহাড্ডি হওয়ারই কথা।
ইতোমধ্যেই টানা ৩৭ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে ইতালির বিশ্বরেকর্ড স্পর্শ করেছে স্পেন। রবিবারের ফাইনাল জিতলে রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেবে তারা। সেই রেকর্ড গড়া থেকে তাদের থামাতে পারে একমাত্র আর্জেন্টিনাই, সেজন্য তাদের জিততে হবে বিশ্বকাপ। বিদায়বেলায় মেসিকে সেটি কি আবারও উপহার দিতে পারবে লা আলবিসেলেস্তে বাহিনী?