× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনেক সম্ভাবনা সান্ত্বনার ম্যাচেও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৪:২৬ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৪:২৭ পিএম

কিলিয়ান এমবাপে ও হ্যারি কেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিলিয়ান এমবাপে ও হ্যারি কেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

স্বপ্নটা এবার সত্যি হলো না। সোনালি ট্রফি উঁচু করে ধরার যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড আর ফ্রান্স, সেমিফাইনালের এক তিক্ত হারে তা ভেঙে চুরমার হয়ে গেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শেষ চারে পৌঁছেও শিরোপা ছোঁয়া হলো না তাদের।

তবু ফুটবল বড় নিষ্ঠুর, বড় সুন্দর এক খেলাÑ হারের মধ্যেও থেকে যায় শেষবারের মতো নিজেকে প্রমাণ করার সুযোগ। শিরোপার লড়াইয়ে তারা আর নেই ঠিকই, কিন্তু মাঠে নামার আরেকটা উপলক্ষ এখনও বাকি তাদের সামনে। সেই উপলক্ষ ট্রফির জন্য নয়Ñ এই ম্যাচ গর্বের জন্য, নিজেদের প্রতি সম্মান রক্ষার, আর সমর্থকদের চোখে মাথা উঁচু করে বিদায় নেওয়ার জন্য।

অনেকে হয়তো তৃতীয় স্থান নির্ধারণী এই লড়াইকে ‘নিয়মরক্ষার ম্যাচ’ বলে অবহেলায় সরিয়ে রাখবেন। কিন্তু ফুটবল কখনও এত সহজ হিসেবে বাঁধা পড়ে নাÑ এই খেলার প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে আবেগ, লড়াই আর গল্প বলার ক্ষমতা।

আজ বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে তৃতীয় হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। এক দল ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন, অন্য দল ১৯৬৬ সালের বিশ্বজয়ী। ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার পর দুই দলই চাইবে অন্তত তৃতীয় হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে প্রায়ই বলা হয় ‘যে ট্রফি কেউ জিততে চায় না’। কারণ এই ম্যাচে খেলতে নামার অর্থ আগেই বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। ফাইনালের দরজা আগেই বন্ধ হয়ে গেছে। তারপরও এই ম্যাচেরও নিজস্ব এক মর্যাদা আছে। ইতিহাস বলে, বিশ্বকাপের শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফেরা পরাজয়ের তিক্ততাকে কিছুটা হলেও প্রশমিত করে। তবে এবারের তৃতীয় স্থানের লড়াই আরেকটি আকর্ষণ ছাপিয়ে যাচ্ছে সবকিছুÑ গোল্ডেন বুটের দৌড়। উভয় দলেই রয়েছে গোল্ডেন বুট জয়ের প্রার্থী। এক নয় একাধিক।

বিশ্বকাপে এ মুহূর্তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দুজনেরই গোল সংখ্যা আট। তবে গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে বেশি গোল করানোর কারণে (অ্যাসিস্টে এগিয়ে থাকায়) টাইব্রেকারে মেসিই আপাতত এগিয়ে।

ফলে এমবাপের সামনে আজ একটাই লক্ষ্যÑ স্কোরশিটে নিজের নাম লেখা। গোল করতে হবে, কিংবা একাধিক গোল করাতে হবে। তাহলেই গোল্ডেন বুটের সমীকরণে আবারও এগিয়ে যেতে পারবেন তিনি। অন্যথায় রবিবারের ফাইনালে মাঠে নামার আগেই মেসির গোল্ডেন বুট জয়টা নিশ্চিত হয়ে যাবে।

গোল্ডেন বুটের লড়াই অবশ্য শুধু মেসি ও এমবাপের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের সঙ্গে আছেন ইংল্যান্ডের দুই তারকা হ্যারি কেন ও জুড বেলিংহামও। গোলসংখ্যায় কিছুটা পিছিয়ে থাকলেও, আজ দুর্দান্ত একটি ম্যাচ তাদের আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারে। ফুটবলের ইতিহাসে শেষ মুহূর্তে ব্যক্তিগত পুরস্কারের সমীকরণ বদলে যাওয়ার নজির কম নেই।

ফ্রান্সের জন্য ম্যাচটি আরও আবেগের। দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশঁমের দায়িত্বে এটি তাদের শেষ ম্যাচ হতে পারে। বিদায়ী অধ্যায়টি একটি জয় দিয়ে শেষ করতে চাইবেন তিনি। অন্যদিকে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের জন্যও এটি সমালোচনার জবাব দেওয়ার শেষ সুযোগ। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর তার কৌশল নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। ফ্রান্সকে হারানোর বিষয়টি সেই প্রশ্নের পুরো উত্তর না হলেও কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

ফ্রান্স চাইবে এমবাপের গতিতে শেষবারের মতো বাজিমাত করতে। ইংল্যান্ড ভরসা রাখবে হ্যারি কেন, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডনদের ওপর। দুই দলের সাম্প্রতিক লড়াইগুলোও বলছে, ম্যাচটি সহজ হবে না। কারণ বিশ্বকাপের শেষ ম্যাচে হার নিয়ে কেউই দেশে ফিরতে চায় না।

বিশ্বকাপ ফুটবলে এবার নিয়ে ফ্রান্স ও ইংল্যান্ড চতুর্থবারের মতো মুখোমুখি হবে। আগের তিন লড়াইয়ে ইংল্যান্ডের জয়ের পাল্লা ভারী। দুই ম্যাচে জয় ইংল্যান্ডের, এক ম্যাচে ফ্রান্স জয় পেয়েছিল। দুই ইউরো জায়ান্টের সর্বশেষ মোকাবিলা ছিল গত বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে ফ্রান্স ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। পরিসংখ্যান হ্যারি কেনদের বিশ্বাসী করেও তুললেও সর্বশেষ লড়াইয়ের ফল এমবাপেদের উজ্জ্বীবিত করবে নিঃসন্দেহে।

ফাইনালের উন্মাদনার আগে তাই মায়ামির রাত হয়ে উঠতে পারে আরেকটি আকর্ষণীয় ফুটবল অধ্যায়ের মঞ্চ। এখানে ট্রফির রঙ সোনালি নয়, বরং ভিন্ন রঙের। কিন্তু এই নব্বই মিনিটেই নির্ধারিত হতে পারে গোল্ডেন বুটের ভাগ্য, শেষ হতে পারে একেকজন তারকার বিশ্বকাপ যাত্রা নতুন এক অর্জনের হাসি নিয়ে।

তাই সান্ত্বনার ম্যাচ হলেও সম্ভাবনার কোনো কমতি নেই। তৃতীয় হওয়া, আত্মমর্যাদার লড়াই, কোচদের বিদায়ী অধ্যায় এবং সর্বোপরি গোল্ডেন বুটের উত্তেজনাÑ সব মিলিয়ে মায়ামির রাত বিশ্বকাপের শেষ সময়টাকে আরও রোমাঞ্চকর করে তুলতে প্রস্তুত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা