প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:৩২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দপ্তর থেকে শনিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যান কর্তৃক সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
একই প্রক্রিয়ায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন আক্তার রুনা।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মনি, আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা।
এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবরিনা সুলতানা ও সৈয়দা তাসলিমা আক্তার। কোষাধ্যক্ষ করা হয়েছে শক্তি রানী মণ্ডলকে।
কমিটিতে আরও ১২ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শিক্ষক এবং বিভিন্ন ক্রীড়া অঙ্গনের প্রতিনিধিরা।