× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজে সমতায় ফিরল টাইগাররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২০:৩৯ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের। ব্যাট হাতে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের জোড়া ফিফটি, শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ক্যামিও এবং বল হাতে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে এখন সমতা ১-১। ফলে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের দারুণ সূচনায় পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে সফরকারীরা।

১২০ রানের ভাঙে উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পর অবশ্য বেশি সময় ক্রিজে থাকতে পারেননি কেউই। ৪৫ বলে ৫৫ রান করে সাইফ ফেরেন প্রথমে, আর পরের ওভারেই ৪৪ বলে ৫৮ রান করে সাজঘরের পথ ধরেন তানজিদ।

দুই ওপেনারের বিদায়ের পর হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ১৯ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে বড় ধস নামে টাইগারদের ইনিংসে। তবে শেষ দিকে আবারও দায়িত্ব কাঁধে তুলে নেন ইয়াসির আলি চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দিন। বিশেষ করে শেষ ওভারে সাইফউদ্দিনের ব্যাটে আসে চারটি বিশাল ছক্কা। এক ওভারেই ওঠে ২৮ রান, যা বাংলাদেশের সংগ্রহকে শক্ত ভিত দেয়।

মাত্র ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফউদ্দিন, আর ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন ইয়াসির। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স, একটি উইকেট পান সিকান্দার রাজা।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে অবশ্য শুরুতেই পাল্টা আক্রমণের ইঙ্গিত দেয়। প্রথম ওভারেই ১৫ রান তুলে নেন দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেট। তবে ওভারের শেষ বলে মারুমানিকে ফিরিয়ে দেন শেখ মেহেদী হাসান। পরের ওভারেই ব্রায়ান বেনেটকে সাজঘরে পাঠান গতির ঝড় তোলা নাহিদ রানা।

পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মিল্টন শুম্বা ও অধিনায়ক সিকান্দার রাজা।

রাজা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং মাত্র ১২ বলে ২৮ রান করে কিছুটা আশা জাগান। আর রায়ান বার্ল ১৯ বলে ২৯ রানের লড়াকু ইনিংস খেললেও ম্যাচের মোড় ঘোরাতে পারেননি। তবে তার বিদায়ের পর জিম্বাবুয়ের রান তাড়ার গতি থেমে যায়।  শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চার উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি। শেখ মেহেদী হাসান নেন তিনটি উইকেট। একটি করে উইকেট ভাগ করে নেন নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা