× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এগিয়ে গোল্ডেন বুট ও বলে

নবম ব্যালন ডি’অর মেসির?

মাছুম বিল্লাহ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২০:৩৭ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৭:৪২ পিএম

ব্যালন ডি’অর। ছবি: দ্য রেজিস্টার ফোরাম

ব্যালন ডি’অর। ছবি: দ্য রেজিস্টার ফোরাম

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর মাত্র দুই দিন বাকি। শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অন্যদিকে ফ্রান্সকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। দলীয় লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের দৌড়ও এখন জমে উঠেছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

৩৯ বছর বয়সেও যেন সময়কে হার মানিয়ে চলেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টুর্নামেন্টজুড়ে গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব ও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতায় আবারও নিজেকে প্রমাণ করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। ফলে ফাইনালের আগে একসঙ্গে তিনটি বড় অর্জনের হাতছানি পাচ্ছেন মেসিÑ বিশ্বকাপ শিরোপা, গোল্ডেন বুট এবং গোল্ডেন বল। যদি তিনটিই অর্জন করতে পারেন তাহলে ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে যুগের পর যুগ। এর আগে মাত্র দুজন এমন কীর্তি গড়েছেন। একজন আর্জেন্টিনার মারিও কেম্পেস (১৯৭৮), অন্যজন ইতালির পাওলো রোসি (১৯৮২)।

বর্তমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন মেসি। সমান ৮টি গোল করলেও কিলিয়ান এমবাপের অ্যাসিস্ট মাত্র ৩টি। সেই কারণে ফিফার টাইব্রেকিং নিয়ম অনুযায়ী গোল্ডেন বুটের লড়াইয়ে এখন এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। সেখানে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারলে আবারও মেসিকে টপকে যাওয়ার সুযোগ থাকবে এমবাপের সামনে। ফলে সর্বোচ্চ গোলদাতার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াই এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শেষে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। তবে একাধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্টের সংখ্যা। সেখানেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়কে এগিয়ে রাখা হয়। এরপরও সমতা না ভাঙলে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা বিবেচনায় আসে। এই দিক থেকেও কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন মেসি। কারণ, অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করলেও ওপেন প্লে থেকে তার কার্যকর অবদান ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে এমবাপে দুটি পেনাল্টির মধ্যে একটি থেকে গোল করেছেন। এদিকে বিশ্বকাপে এমবাপের ক্যারিয়ার গোলসংখ্যা ইতোমধ্যেই ২০, শীর্ষে মেসির ২১টি গোল। 

গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া গোল্ডেন বল জয়ের দৌড়েও অন্যতম ফেভারিট মেসি। ফিফা এই পুরস্কারটি নির্ধারণ করে শুধু গোলসংখ্যা দেখে নয়; বরং পুরো টুর্নামেন্টে একজন ফুটবলারের প্রভাব, নেতৃত্ব, ধারাবাহিকতা, ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং দলের সাফল্যে অবদানকে সমান গুরুত্ব দেওয়া হয়। এই সব সূচকেই মেসি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ কার্যকর। নকআউট পর্বে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব আর্জেন্টিনাকে এনে দিয়েছে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকিট। বিশ্বকাপে ছয় ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি। যদিও গোল্ডেন বলের লড়াই মোটেও একপেশে নয়। এই পুরস্কারের দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, হ্যারি কেন এবং স্পেনের কয়েকজন তারকা ফুটবলারও। 

বিশ্বকাপের পরই ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরকে ঘিরে শুরু হবে নতুন আলোচনা। একটি মৌসুমে বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই সম্মাননা। যদি মেসি বিশ্বকাপ জয়ের পাশাপাশি গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুই ব্যক্তিগত পুরস্কারই নিজের করে নিতে পারেন, তবে ব্যালন ডি’অরের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। ক্লাব ফুটবলেও তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। মেজর লিগ সকারে এখন পর্যন্ত ১২টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে আক্রমণভাগের সবচেয়ে কার্যকর খেলোয়াড়দের একজন তিনি।

অন্যদিকে ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন কিলিয়ান এমবাপে। ক্লাব ফুটবলে তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপেও রয়েছে ৮টি গোল ও ৩টি অ্যাসিস্ট। এ ছাড়া পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওসমান দেম্বেলেও রয়েছেন আলোচনায়। ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে তার ৮টি গোল ও ২টি অ্যাসিস্টের সঙ্গে বিশ্বকাপে রয়েছে ৫টি গোল ও ২টি অ্যাসিস্ট।

ক্রীড়া বিশ্লেষক ও বুকমেকারদের বিশ্লেষণে এখন সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ব্যালন ডি’অর টুইটার অ্যাকাউন্ট একটি পোস্ট দিয়েছে কৌতূহল উদ্দীপক এক প্রশ্ন করে, ‘ইউরোপের কোনো ক্লাবে না খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?’ উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। অ্যাওয়ার্ডটির আয়োজকদের ব্যাখ্যা, ‘ফ্রান্স ফুটবলের মাধ্যমে ১৯৫৬ সালে তৈরি ব্যালন ডি’অর আসলে ইউরোপিয়ান লিগে খেলা সেরা ইউরোপিয়ান খেলোয়াড়কে দেওয়া হতো। এই নিয়ম ছিল ১৯৯৫ সাল পর্যন্ত, যখন ট্রফি বৈশ্বিক হয়ে গেল। যদিও তখনো ইউরোপিয়ান লিগগুলোর খেলোয়াড়দের জন্য এটা সংরক্ষিত ছিল। কিন্তু ২০০৭ সাল থেকে আর কোনো বিধিনিষেধ নেই। ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয় বিশ্বের সেরা খেলোয়াড়কে।’

এখন সব চোখ আগামী ফাইনালের দিকে। একদিকে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন, অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আর্জেন্টিনা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা