রেফারি স্লাভকো ভিনচিচ। ছবি: এএফপি
নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ফিফা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী লড়াই।
এই ম্যাচে ৪৬ বছর বয়সী ভিনচিচের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।
চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ।
পাশাপাশি রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ।
ক্লাব ফুটবলেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও প্রধান রেফারি ছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে এর আগে ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং শেষ বত্রিশের মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ।
এতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং এবারের আসরে চতুর্থ দায়িত্ব।
বিশ্বকাপে ভিনচিচের অভিষেক হয়েছিল ২০২২ সালের কাতার আসরে। সেবার দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।
আর্জেন্টিনার একটি ম্যাচেও দায়িত্ব পালন করেন, যেখানে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে লিওনেল মেসির দল ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারায়।
ওই ম্যাচেই সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে একটি পেনাল্টি দেন তিনি, যা থেকে গোল করেন মেসি।
ম্যাচে সৌদি আরবের ছয়জন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো ফুটবলার কার্ড দেখেননি।
স্পেনের ম্যাচও পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে ভিনচিচের। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হয় সেই যাত্রা।ৎ
পরে ২০২০ ইউরোতে স্পেন-সুইডেন এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচেও দায়িত্ব পালন করেন তিনি।
২০২৪ ইউরোতে ইতালির বিপক্ষে স্পেনের জয় এবং ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ঐতিহাসিক ম্যাচেও প্রধান রেফারি ছিলেন ভিনচিচ।
সেই ম্যাচেই দুর্দান্ত দূরপাল্লার গোলে আলোচনায় আসেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।