× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিনিক্স পাখিদের গল্প

শামীম হাসান

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ০৯:৩১ এএম

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

লিওনেল মেসি। ছবি: রয়টার্স

পৃথিবীর সব কিংবদন্তিকেই কখনও না কখনও কঠিন সময় পার করতে হয়। আগুনের মধ্য দিয়ে একদিন না একদিন হাঁটতে হয়।

কেউ সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আবার কেউ সেই ছাই থেকেই নতুন জীবন নিয়ে ফিরে আসে।

পৌরাণিক ফিনিক্স পাখির গল্পটি তাই হাজার বছর ধরে মানুষের কাছে পুনর্জন্মের প্রতীক।

আর ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে দেখলে বারবার মনে হয়, এই দলটি যেন সেই ফিনিক্সেরই আধুনিক রূপ।

তাদের যাত্রাপথে জয় আছে, কিন্তু সেই জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে ফিরে আসার ক্ষমতা।

প্রতিটি নকআউট ম্যাচ যেন তাদের সামনে একেকটি অগ্নিপরীক্ষা হয়ে এসেছে। আর প্রতিবারই আগুন পেরিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে আকাশি-সাদা বাহিনী।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল আত্মবিশ্বাসী, পরিপাটি, প্রায় নিখুঁত। মনে হয়েছিল, বিশ্বকাপের পথটা হয়তো খুব বেশি কঠিন হবে না। কিন্তু নকআউট পর্বে পা রাখতেই বদলে গেল সব হিসাব।

শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি আর্জেন্টিনা। প্রতিপক্ষ সমতা ফিরিয়ে আনে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই শেষ পর্যন্ত ধৈর্য, অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তায় জয় তুলে নেয় মেসির দল। সেটিই ছিল প্রথম সতর্কবার্তাÑ বিশ্বকাপ কাউকে সহজ পথ দেখায় না।

কিন্তু সত্যিকারের পরীক্ষা অপেক্ষা করছিল শেষ ষোলোতে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত স্কোরবোর্ড বলছিল ২-০। আর্জেন্টিনা পিছিয়ে।

কোটি সমর্থকের চোখে তখন হতাশার ছায়া। মনে হচ্ছিল, হয়তো এখানেই শেষ হয়ে যাবে শিরোপা ধরে রাখার স্বপ্ন। ঠিক তখনই যেন ছাইয়ের ভেতর থেকে ডানা মেলল ফিনিক্স।

শেষ বারো মিনিটে তিনটি গোল। অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ২-০ থেকে ৩-২। ফুটবল ইতিহাসের স্মরণীয় কামব্যাকগুলোর একটিতে পরিণত হলো সেই রাত।

যে দলকে সবাই বিদায় বলে ফেলেছিল, সেই দলই হঠাৎ বিজয়ীর হাসি নিয়ে মাঠ ছাড়ল।

কোয়ার্টার ফাইনালেও স্বস্তির সুযোগ ছিল না। স্কোরলাইন ৩-১ হলেও ম্যাচটি ছিল তার চেয়েও অনেক বেশি কঠিন। প্রতিপক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে।

জয় নিশ্চিত করতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। লড়াই, ধৈর্য আর মানসিক শক্তির আরেকটি পরীক্ষা পাস করেছে তারা।

সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড। ইতিহাসের ভার, আবেগের চাপ, ফাইনালে ওঠার লড়াইÑ সব মিলিয়ে ছিল এক বিস্ফোরক সন্ধ্যা।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সময় ফুরিয়ে আসছিল।

ইংল্যান্ড তখন ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু এই বিশ্বকাপে যেন একটি জিনিস সবাই ভুলে যাচ্ছিলÑ শেষ বাঁশি বাজা পর্যন্ত এই আর্জেন্টিনাকে হারানো যায় না।

৮৫ মিনিটে এলো সমতার গোল। তারপর অতিরিক্ত সময়ে এলো সেই মুহূর্ত, যা কোটি আর্জেন্টাইনের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। জয়সূচক গোল।

ৎমেসির অসাধারণ ক্রস থেকে লাউতারো মার্টিনেজের হেড। গোল এবং আবারও আর্জেন্টিনার ফিরে আসা। আবারও মৃত্যু থেকে জীবনের গল্প। আবারও উৎসব আর আনন্দের ভূমিতে ফেরা।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা যেন কখনও সহজ জয় খুঁজে নেয়নি। বরং প্রতিটি ম্যাচে তারা নিজেদের সীমাকে নতুন করে আবিষ্কার করেছে।

যত চাপ বেড়েছে, ততই দৃঢ় হয়েছে তাদের মানসিকতা। যত প্রতিকূলতা এসেছে, ততই উজ্জ্বল হয়েছে তাদের লড়াই। আর এই পুনর্জন্মের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি।

তিনি শুধু অধিনায়ক নন, তিনি এই দলের হৃদস্পন্দন। কখনও নিজের পায়ে গোল করেছেন, কখনও নিখুঁত পাসে সতীর্থকে গোল করিয়েছেন, কখনও শুধু উপস্থিত থেকেই পুরো দলকে বিশ্বাস করিয়েছেনÑ এখনও সব শেষ হয়নি।

মেসির এখন সবচেয়ে বড় শক্তি হয়তো তার ড্রিবলিং নয়, গোল করার ক্ষমতাও নয়; বরং প্রতিকূল মুহূর্তেও সতীর্থদের বিশ্বাস করিয়ে দেওয়া যে, অসম্ভব বলে কিছু নেই।

এই আর্জেন্টিনার সবচেয়ে বড় পরিচয় তাদের আক্রমণভাগ নয়, রক্ষণভাগও নয়। তাদের সবচেয়ে বড় পরিচয়Ñ তারা কখনও হাল ছাড়ে না।

ফিনিক্স পাখির কিংবদন্তিতে বলা হয়, আগুনে পুড়ে ছাই হওয়ার পরই তার নতুন জন্ম হয়।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা যেন নকআউটের প্রতিটি ম্যাচেই সেই আগুনে প্রবেশ করেছে।

কখনও পিছিয়ে পড়েছে, কখনও কোণঠাসা হয়েছে, কখনও বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। কিন্তু প্রতিবারই তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে।

হয়তো এ কারণেই এই দলকে শুধু একটি ফুটবল দল বলে ব্যাখ্যা করা যায় না। তারা এক বিশ্বাসের নাম, এক অদম্য মানসিকতার নাম।

আর সেই কারণেই ফাইনালের আগে পুরো ফুটবল বিশ্ব একটি সত্য বুঝে গেছেÑ ফিনিক্সকে হারানো যায় না।

তাকে যতবার আগুনে নিক্ষেপ করা হয়, সে ততবার নতুন শক্তি নিয়ে ফিরে আসে।

২০২৬ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা ঠিক তেমনইÑ ছাই থেকে উঠে দাঁড়ানো এক অবিনশ্বর মহাকাব্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা