প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:২৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২১:৩৭ পিএম
ইতালি ও স্পেনের ফুটবল লোগো। ফাইল ছবি
আগামী রবিবার শিরোপার চূড়ান্ত লড়াইয়ে যখন মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন, তখন কেবল একটি ট্রফি নির্ধারণের ম্যাচ হবে না সেটি; তা রূপ নেবে ফুটবলের ইতিহাসের পাতা পুনর্লিখনের এক রোমাঞ্চকর উপাখ্যানে।
সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থাকার গৌরব অর্জন করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। এর মাধ্যমে তারা রবার্তো মানচিনির অধীনে গড়া ইতালির (২০১৮-২০২১) সর্বকালের সর্বোচ্চ ম্যাচে অপরাজিত থাকার মহাকাব্যিক বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছে।
এখন রবিবার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার এড়াতে পারলেই এককভাবে ৩৮ ম্যাচের এক নতুন ও অনন্য কীর্তি গড়বে ‘লা রোজা’ রা। কিন্তু তাদের এই অতিমানবীয় পথচলার সামনে দাঁড়িয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। যারা নিজেরাও একদিন এই রেকর্ডের খুব কাছে গিয়ে ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছেড়েছিল।
২০১৯ থেকে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত লিওনেল স্কালোনির আর্জেন্টিনা টানা ৩৬টি ম্যাচ অপরাজিত থেকে তারা কাতার বিশ্বকাপে পা রেখেছিল ইতালির রেকর্ড ভাঙার অদম্য বাসনা নিয়ে। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গিয়ে ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল তাদের সেই স্বপ্ন।