× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাগআউটে গুরু-শিষ্য, মাঠে মেসি-ইয়ামালের মহারণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম

ডাগআউটে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মুখোমুখি হচ্ছেন তার কোচিং-গুরু লুইস দে লা ফুয়েন্তের। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ডাগআউটে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মুখোমুখি হচ্ছেন তার কোচিং-গুরু লুইস দে লা ফুয়েন্তের। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনাল হয়ে উঠেছে যেন গুরু-শিষ্যের লড়াই। যেখানে মাঠে নামছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালকে অন্য সব আসর থেকে আলাদা করে তুলেছে দুটি বিশেষ সম্পর্ক। একদিকে ডাগআউটে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মুখোমুখি হচ্ছেন তার কোচিং-গুরু লুইস দে লা ফুয়েন্তের। অন্যদিকে মাঠে দেখা যাবে এক প্রজন্মের শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি ও তার দীর্ঘদিনের অনুপ্রেরণা লামিন ইয়ামালের লড়াই।

আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৫ মিনিটে এন্সো ফের্নান্দেসের দুর্দান্ত দূরপাল্লার শটে সমতায় ফেরে দলটি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেসের জয়সূচক গোলে নিশ্চিত হয় ফাইনালের টিকিট। দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি।

ফাইনালের আগে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি স্কালোনি ও দে লা ফুয়েন্তের সম্পর্ক। কোচিং জীবনের শুরুতে স্পেনের বর্তমান কোচের কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন স্কালোনি। সেই শিক্ষককেই এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন তিনি।

ইংল্যান্ডকে হারানোর পর স্কালোনি বলেন, “লুইস শুধু আমার কোচিং কোর্সের শিক্ষকই ছিলেন না, তার সঙ্গে আমার বিশেষ সম্পর্কও রয়েছে। এখন আমরা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছি। আমি স্পেনে থাকি, আমার পরিবারও সেখানে থাকে। তাই ম্যাচটি তার জন্যও কঠিন হবে”।

 ডাগআউটের এই আবেগঘন গল্পের পাশাপাশি মাঠে থাকবে আরেকটি প্রতীকী গুরু-শিষ্যের দ্বৈরথ। ছোটবেলা থেকেই লিওনেল মেসিকে নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে আসছেন স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল। বার্সেলোনার লা মাসিয়ায় বেড়ে ওঠা এই তরুণ বহুবার বলেছেন, “মেসির খেলা দেখেই তিনি ফুটবলকে ভালোবাসতে শিখেছেন”। 

এই সম্পর্ককে আরও স্মরণীয় করে রেখেছে ২০০৭ সালের একটি ছবি। ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে কয়েক মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়েছিলেন তরুণ মেসি। প্রায় দুই দশক পর সেই শিশুই এখন বিশ্বকাপের ফাইনালে নিজের আদর্শের বিপক্ষে খেলতে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে ছবিটি আবারও ভাইরাল হয়েছে, যা ফাইনালকে দিয়েছে বাড়তি আবেগ।

মেসি ও ইয়ামালের খেলার ধরনেও রয়েছে প্রজন্মের পার্থক্য। ৩৯ বছর বয়সী মেসি এখন একজন পূর্ণাঙ্গ প্লেমেকার। বল নিয়ন্ত্রণ, সংকীর্ণ জায়গায় ড্রিবলিং, নিখুঁত পাস এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে তিনি এখনও অনন্য। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামাল গতিনির্ভর, সাহসী ও সরাসরি আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী। ডানপ্রান্ত থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে তিনি ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অভিজ্ঞতার পাল্লা অবশ্য পুরোপুরি মেসির দিকেই।

বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ-ফুটবলের প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি। অন্যদিকে ইয়ামাল ক্যারিয়ারের শুরুতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন এবং প্রথম বিশ্বকাপেই দলকে ফাইনালে তুলেছেন। এবার তার সামনে ইতিহাস গড়ার সুযোগ। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। ডাগআউটে স্কালোনি ও দে লা ফুয়েন্তের সম্মানের লড়াই, আর মাঠে মেসি ও ইয়ামালের দুই প্রজন্মের প্রতীকী দ্বৈরথ সব মিলিয়ে বিশ্ব ফুটবল অপেক্ষা করছে এক স্মরণীয় ফাইনালের জন্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা