গোল্ডেন বুটের দৌড়ে টিকে আছেন এমবাপে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বেশি সময় বাকি নেই। শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে স্পেন, আর সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স। তবে দল বিদায় নিলেও ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার সুযোগ থাকায় গোল্ডেন বুট জয়ের সম্ভাবনাও এখনও টিকে রয়েছে তার সামনে।
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চারে উঠেছিল ফ্রান্স। সেই যাত্রায় কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের আক্রমণভাগ ছিল দলের সবচেয়ে বড় শক্তি। টুর্নামেন্টজুড়েই এই জুটি প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছে। তাই সেমিফাইনালে স্পেনের বিপক্ষেও ফ্রান্সকে অনেকেই ফাইনালের অন্যতম দাবিদার হিসেবে দেখেছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেননি এমবাপে-দেম্বেলে। আক্রমণে ধার হারানো ফ্রান্স শেষ পর্যন্ত স্পেনের কাছে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন ভেঙে বিদায় নেয়।
স্পেনের বিপক্ষে গোলের দেখা না পেলেও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়েননি এমবাপে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করার সুযোগ থাকায় ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের আশা এখনও অটুট রয়েছে তার। একই সঙ্গে টানা দুই বিশ্বকাপে অন্তত আট গোল করার বিরল কীর্তিও গড়েছেন ফরাসি এই সুপারস্টার।
এবারের গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে কয়েকজন তারকা ফুটবলারের মধ্যে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে রয়েছেন শীর্ষ আলোচনায়। পাশাপাশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সামনে থাকায় ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহ্যামও এখনও এই লড়াই থেকে ছিটকে যাননি। ফলে শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে উঠবে, তা নির্ধারণ হতে পারে টুর্নামেন্টের শেষেই।
বিশ্বকাপ শেষে সর্বোচ্চ গোলদাতাকে ফিফা গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করে। তবে দুই বা ততোধিক ফুটবলার সমান সংখ্যক গোল করলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্টের সংখ্যা। সেখানেও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়কে এগিয়ে রাখা হয়। এরপরও সমতা না ভাঙলে ওপেন প্লে থেকে করা গোলের সংখ্যা বিবেচনায় আসে। এই সূচকে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন লিওনেল মেসি। কারণ, তিনি টুর্নামেন্টে দুটি পেনাল্টি মিস করেছেন অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে তার দুটি স্পট-কিকই প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দেন। অন্যদিকে এমবাপে দুটি পেনাল্টির মধ্যে একটি থেকে গোল করেছেন, যা এসেছে প্যারাগুয়ের বিপক্ষে। এদিকে বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা পৌঁছেছে ২১ ম্যাচে ২০-এ।