× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুনরাবৃত্তির অপেক্ষায় ফুয়েন্তে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১১:৩৩ এএম

স্পেনের খেলোয়াড়দের সঙ্গে তাদের কোচ লুই দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

স্পেনের খেলোয়াড়দের সঙ্গে তাদের কোচ লুই দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

২০১০ সালের সেই সোনালি স্মৃতি যেন আবারও হাতছানি দিচ্ছে স্পেনকে। দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোজা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে একমাত্র বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার পর এবারও শিরোপা জয়ের স্বপ্নে বিভোর স্প্যানিশরা।

আর সেই স্বপ্নকে আরও জোরালো করে তুলেছেন কোচ লুই দে লা ফুয়েন্তে, যিনি মনে করেন তার দল আবারও ২০১০ সালের সেই বিজয়ী মানসিকতা ফিরে পেয়েছে।

শক্তিশালী ফ্রান্সকে মঙ্গলবার রাতে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার পর আত্মবিশ্বাসী কণ্ঠেই নিজের দলের প্রশংসা করেন স্প্যানিশ কোচ।

তার মতে, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নামলেও স্পেন এমন ফুটবল খেলেছে, যাতে প্রতিপক্ষও বুঝে গেছে তারা আরেকটি সেরা দলের মুখোমুখি হয়েছে।

ফুয়েন্তে বলেন, “খেলোয়াড়দের বলেছিলাম আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে ওদেরও বুঝিয়ে দিতে হবে যে ওরাও বিশ্বের সেরা দলের বিপক্ষেই খেলছে। ছেলেরা মাঠে সেটাই করে দেখিয়েছে।”

শুধু জয় নয়, এই সাফল্যের মধ্য দিয়ে একের পর এক নজিরও গড়ছে স্পেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দলটি এখন টানা ৩৭ ম্যাচ অপরাজিত, যা ইতালির দীর্ঘদিনের রেকর্ডের সমান।

পাশাপাশি ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা আটটি নকআউট ম্যাচ জিতে প্রথম ইউরোপীয় দল হিসেবেও ইতিহাস গড়েছে স্পেন।

ফ্রান্স সেমিফাইনালে ওঠার আগে টুর্নামেন্টে ১৬টি গোল করলেও স্পেনের রক্ষণভাগের সামনে তারা ছিল পুরোপুরি নিষ্প্রভ।

রদ্রি, আয়মেরিক লাপোর্তে ও তাদের সতীর্থদের দৃঢ়তায় একটিও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি ফরাসিরা। আক্রমণের পাশাপাশি রক্ষণেও স্পেনের এই ভারসাম্যই তাদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দলের সাফল্যের সবচেয়ে বড় রহস্য হিসেবে ফুয়েন্তে তুলে ধরেছেন ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং ব্যক্তিগত অহমিকার অনুপস্থিতিকে।

তার ভাষায়, একটি সফল দল গড়তে শুধু প্রতিভা নয়, সঠিক মানসিকতার মানুষও প্রয়োজন।

তিনি বলেন, “এই দলে শুধু ফুটবলার নয়, সবাই একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। এখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থই বড়। সবাই খুব সাধারণ, বিনয়ী এবং একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

স্প্যানিশ কোচ আরও জানান, দলের ভেতরের পেশাদারত্বই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। সেমিফাইনালে যারা মাঠে নামার সুযোগ পাননি, তারাও ম্যাচ শেষে আলাদা করে অনুশীলন করেছেন। তার মতে, এমন মনোভাবই একটি চ্যাম্পিয়ন দলের পরিচয় বহন করে।

ফুয়েন্তে বলেন, “এই দল প্রতিদিনই আমাকে নতুনভাবে বিস্মিত করে। উন্নতির কোনো শেষ নেই। তবে ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং সঠিক প্রক্রিয়ার ওপর বিশ্বাসই আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমরা নিজেদের সেরা ছন্দে আছি।”

এখন স্পেনের সামনে আর মাত্র একটি ধাপ। শিরোপার সেই শেষ লড়াইয়ে প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে অন্য সেমিফাইনালের পর। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে ফুয়েন্তে বলেছেন, যদি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে হয়, তবে সেটি হবে বিশেষ এক উপলক্ষ।

তার কথায়, “ফাইনাল কখনোই সহজ হয় না। যে-ই প্রতিপক্ষ হোক, তারাও জিততে চাইবে। তবে যদি আর্জেন্টিনা উঠে আসে, তাহলে সেটা হবে কেকের ওপর চেরির মতো।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা