আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
জিম্বাবুয়ে সফরে হারের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডের পর এবারও হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩২ রানে হেরেছে সফরকারীরা। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
শেষ ৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে দরকার ছিল ৪৮ রান। কিন্তু ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচটাও হেরেছে তারা। এই সফরে টেস্ট, ওয়ানডের পর এবার টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ব্রায়ান বেনেট। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদ রানা।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ৩ ওভারে ২২ রান এসেছিল। চতুর্থ ওভারেই আঘাত করে জিম্বাবুয়ে।
এনগারাভার লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ১৫ বল খেলে ১২ রান করে আউট হন তিনি। একই ওভারে আউট হন আরেক ওপেনার তানজিদ হাসানও। ৮ বলে করেছেন ১৬ রান।
মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়াই করেছেন ইয়াসির আলি রাব্বি। অনেক দিন পর একাদশে ফেরা এই ব্যাটার ৩৮ বলে করেছেন ৫৪ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছনে শেখ মেহেদি। তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি।
আগামী ১৭ জুলাই দ্বিতীয় টি–টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।