প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুটা যুতসই হয়নি সফরকারীদের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭১ রানে বড় লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
বুলাওয়েতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ব্রায়ান বেনেট। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন নাহিদ রানা।
জিম্বাবুয়ের হয়ে উদ্বোধনী জুটিতে দ্রুত রান তোলেন ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি। প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে দেন দুই ওপেনার। চতুর্থ ওভারে নাহিদ রানা আক্রমণে এসে মারুমানিকে (১৪) ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন।
পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৪ রান। এরপর মোহাম্মদ সাইফ উদ্দিন মায়ার্সকে ২০ রানে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন। তবে বেনেট তার আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখে ৩০ বলে ৪৪ রান করেন। ইনিংসের ১১তম ওভারে নাহিদ রানার শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।
মাঝের ওভারে সিকান্দার রাজা ১৩ বলে ২০ রান করে সাইফ উদ্দিনের বলে আউট হলেও শেষ দিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স দ্রুত রান যোগ করে জিম্বাবুয়ের সংগ্রহকে ১৭০ রানে নিয়ে যান।
ইনিংসের ১৮তম ওভারে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে টানা দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা ও টাফাদজওয়া মুসেকিওয়াকে আউট করেন।
শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই গতিতারকা। বাংলাদেশের হয়ে সাইফ উদ্দিন নেন ২ উইকেট।