বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে উজ্জ্বল তারকা আর্লিং হালান্ড। ছবি: এসবি ন্যাশন
এবারের বিশ্বকাপে একের পর এক গোল করে আলো ছড়িয়েছেন আর্লিং হালান্ড। আর মাঠের মতোই নরওয়ের এই তারকা স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে মাঠের বাইরেও।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সাম্প্রতিক সময়ে জন্ম নেওয়া শত শত নবজাতকের নাম রাখা হয়েছে হালান্ড।
পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা (রেনিয়েক) জানিয়েছে, বিশ্বকাপ শুরুর পর থেকে জন্ম নেওয়া ৪৯৮ নবজাতকের নামে যুক্ত হয়েছে হালান্ড। এ ছাড়া ৯১ শিশুর পুরো নামই রাখা হয়েছে আর্লিং হালান্ড।
শুধু তাই নয়, অন্তত ৪ নবজাতকের নাম রাখা হয়েছে আর্লিং ব্রাউট হালান্ড। এখানে উল্লেখ্য, ব্রাউট মূলত হালান্ডের মায়ের নাম। আর বাবার নাম থেকে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে হালান্ড।
২৫ বছর বয়সী হালান্ড বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে উজ্জ্বল তারকা। শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার-ফাইনালে তোলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম শেষ আটে পৌঁছে নরওয়ে।
পরে অবশ্য কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় হালান্ডের নরওয়ে।