প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২২:৩৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬ ২২:৪২ পিএম
প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি হাতে মোহাম্মদ সালাহ ও আশরাফ হাকিমি। ছবি: এক্স থেকে
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে প্রতি ম্যাচের শেষ বাঁশি বাজার পর অনবদ্য পারফর্ম করা ফুটবলারটির হাতে তুলে দেওয়া হয় একটি লালচে-সোনালি রঙের দৃষ্টিনন্দন ট্রফি যাকে আমরা বলি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকা ক্যারিয়ারে অসংখ্যবার এই ট্রফি উঁচিয়ে ধরেছেন। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে, বিশ্বমঞ্চে ম্যাচসেরা হওয়ার জন্য ফিফার কাছ থেকে ঠিক কত টাকা পান এই ফুটবলাররা?
অবিশ্বাস্য মনে হলেও সত্যি, বিশ্বকাপের এই ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারের জন্য ফিফার পক্ষ থেকে বিজয়ী খেলোয়াড়কে কোনো নগদ অর্থ বা প্রাইজমানি দেওয়া হয় না! এটি স্রেফ একটি ট্রফি ও পরম সম্মাননা মাত্র।
শুধু ম্যাচসেরার ট্রফিই নয়, বিশ্বকাপের গোল্ডেন বল, গোল্ডেন বুট কিংবা গোল্ডেন গ্লাভসের মতো ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ফিফা এই ট্রফিগুলোর সাথে কোনো চেক বা আর্থিক পুরস্কার প্রদান করে না।
ফিফা সরাসরি টাকা না দিলেও বিশ্বমঞ্চে এমন একটি স্বীকৃতি পাওয়ার পর ফুটবলারদের ঝুলিতে আর্থিক সুবিধা আসে পরোক্ষভাবে, যা যেকোনো প্রাইজমানির চেয়েও বহুগুণ বেশি।
বিশ্বকাপে ম্যাচসেরা হওয়ার পর ফুটবলারদের দিকে নজর পড়ে বিশ্বের বড় বড় ক্লাবের। ফলে ট্রান্সফার মার্কেটে তাদের বাজারমূল্য তরতরিয়ে বেড়ে যায়। বড় বড় ব্র্যান্ড ও স্পনসর এমন পারফর্মারদের পেছনে মোটা অঙ্কের চুক্তি নিয়ে লাইনে দাঁড়ায়। এ ছাড়া অনেক সময় খেলোয়াড়দের নিজস্ব দেশের ফুটবল ফেডারেশন বা ক্লাবগুলো এই ধরনের অর্জনের জন্য চুক্তির শর্ত অনুযায়ী বিশেষ বোনাস দিয়ে থাকে। বৈশ্বিক পরিচিতি এবং ফুটবল ইতিহাসে নাম লেখানোর যে গৌরব, সেটা অর্জিত হয়।
ফিফা ব্যক্তিগত নৈপুণ্যের জন্য সরাসরি কোনো পকেট মানি না দিলেও, দলগত সাফল্যের জন্য অঢেল অর্থ ঢালে। ব্যক্তিগত পুরস্কারের বদলে বিশ্ব ফুটবলের এই অভিভাবক সংস্থাটি বড় অঙ্কের অর্থ দেয় দলগুলোকে। উদাহরণস্বরূপ, এবারের ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত রয়েছে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলারের (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকারও বেশি) বিশাল প্রাইজমানি। এই অর্থ সরাসরি চলে যায় বিজয়ী দেশের ফুটবল ফেডারেশনের তহবিলে, যা পরবর্তীতে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মাঝে ভাগ করা হয়।
২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপ থেকে এই ম্যাচসেরা পুরস্কার দেওয়ার প্রথা চালু হয়। তবে গত দুই দশকে এর নির্বাচন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এসেছে। ম্যাচসেরা নির্বাচন করত ফিফা কর্তৃক নির্ধারিত একটি বিশেষ কারিগরি প্যানেল বা ‘টেকনিক্যাল স্টাডি গ্রুপ’। ২০১০ বিশ্বকাপ থেকে থেকে এই নিয়মে আধুনিকতার ছোঁয়া লাগে। তখন থেকে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর সরাসরি লাইভ ভোটের ওপর ভিত্তি করেই নির্বাচিত করা হয় ম্যাচের সেরা ফুটবলারকে।