জুড বেলিংহ্যাম। ছবি: বিবিসি
ইংল্যান্ডের ৬০ বছরের বিশ্বকাপ-খরা ঘুচাতে জুড বেলিংহ্যাম যেন ব্যক্তিগত এক মিশনে নেমেছেন। মেক্সিকো সিটির উচ্চভূমি থেকে শুরু করে মায়ামির তীব্র গরম ও আর্দ্রতা, সব প্রতিকূলতা পেরিয়ে দলকে টেনে নিয়ে চলেছেন তিনি।
বিশ্বকাপের মঞ্চে কখনও কখনও কোনো এক খেলোয়াড়ের ভাগ্যই যেন পুরো টুর্নামেন্টকে আচ্ছন্ন করে ফেলে। ১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে দিয়েগো ম্যারাডোনা, ২০০২ সালে ব্রাজিলের হয়ে রোনালদোর প্রত্যাবর্তন কিংবা ২০২২ সালে লিওনেল মেসির বহু প্রতীক্ষিত বিশ্বজয় তারই উদাহরণ।
মায়ামির দহনজ্বালা গরমে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে আবারও ইংল্যান্ডকে উদ্ধার করলেও, বেলিংহ্যামকে এখনই সেই কিংবদন্তিদের কাতারে বসানো যাবে না। কারণ, তার সামনে এখনও রয়েছে বড় বড় বাধা। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠা মেসির আর্জেন্টিনার সঙ্গে আটলান্টায় লড়াই অপেক্ষা করছে। এরপর ফাইনালে প্রতিপক্ষ হতে পারে স্পেন, কিংবা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফ্রান্স। ১৯৬৬ সালের ৩০ জুলাই স্যার আলফ র্যামসের হাত ধরে বিশ্বকাপ জয়ের পর যে দীর্ঘ প্রতীক্ষা শুরু হয়েছে, তার অবসান ঘটাতে এসব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তবে কখনও কখনও বিশ্বমানের ফুটবলাররা নিজেদের অদম্য ইচ্ছাশক্তিতেই বিশ্বকাপের গতিপথ নির্ধারণ করেন, আর বেলিংহ্যামও যেন সেই ইঙ্গিতই দিচ্ছেন। মেক্সিকোর বিপক্ষে আজতেকা স্টেডিয়ামে এবং নরওয়ের বিপক্ষে মায়ামিতে তার ম্যাচজয়ী নৈপুণ্য পরিসংখ্যানেও অনন্য। ১৯৮৬ সালে ম্যারাডোনার পর তিনিই প্রথম খেলোয়াড়, যিনি একই বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে অন্তত দুটি করে গোল করেছেন। মাত্র ২৩ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার; তার আগে ১৯৫৮ সালে ১৭ বছর বয়সে এই কৃতিত্ব দেখিয়েছিলেন পেলে।
মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে জোড়া গোলের পর বেলিংহ্যাম চাইলে আবারও সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করতে পারেন। কারণ, ইংল্যান্ডের প্রয়োজনের মুহূর্তে তিনিই হয়ে উঠছেন নির্ধারক। ইংল্যান্ডের হয়ে তার ১২ গোলের মধ্যে নয়টিই এসেছে বড় টুর্নামেন্টে; পাঁচটি দলকে এগিয়ে দিয়েছে, আর দুটি এসেছে সমতাসূচক হিসেবে। ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের ছয় গোলের পর কোনো ইংলিশ ফুটবলার এক বিশ্বকাপে এতগুলো নন-পেনাল্টি গোল করতে পারেননি। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে বেলিংহ্যামের সামনে সেই সংখ্যাও ছাড়িয়ে যাওয়ার সুযোগ।