সেমিতে শীর্ষ চার
ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি: আল জাজিরা
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবার এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই প্রথমবারের মতো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড একই সাথে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
কোয়ার্টার ফাইনাল কঠিন ধাপ পেরিয়ে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়নের শেষ চারে ওঠার মধ্য দিয়ে এটা নিশ্চিত হয়ে গেছে যে এবারও সোনালী ট্রফিটি কোনো নতুন দেশের হাতে উঠছে না বরং সাবেক চ্যাম্পিয়নদের কাছেই যাচ্ছে।
শেষ চারে ওঠার লড়াইয়ে মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট কাটে র্যাঙ্কিংয়ের তিনে থাকা ফ্রান্স। এরপর বেলজিয়ামকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয়ে স্পেন। নরওয়েকে পরাজিত করে শেষ চারের গৌরব অর্জন করে র্যাঙ্কিংয়ে চারেথাকা ইংল্যান্ড। আর সবশেষে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে (সুইস) হারিয়ে সেমিফাইনালের লাইন-আপ পূর্ণ করে।
র্যাঙ্কিয়ের এ হিসাবটা বিশ্বকাপ শুরুর আগের। তবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া এ চারদলই রয়েছে র্যাঙ্কিংয়ের শীর্ষে চারে।
চলতি বিশ্বকাপের পারফরম্যান্সের কারণে ফ্রান্স রয়েছে শীর্ষে আর দুইয়ে চলে এসেছে আর্জেন্টিনা। তিন ও চারে রয়েছে স্পেন ও ইংল্যান্ড।
২০২৬ বিশ্বকাপের ড্রয়ের ক্ষেত্রে ফিফার নিয়মে একটি কৌশলগত পরিবর্তন আনা হয়েছিল। যার কারণে এই চার পরাশক্তির সেমিফাইনালের পথকে অনেকটাই সহজ করেছে। শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি ভিন্ন ভাগে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে তারা কেউ কারও মুখোমুখি না হয়।
তবে এই সমীকরণ মেলানোর জন্য দলগুলোকে অবশ্যই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হতো। আর তারা মাঠের পারফরম্যান্সে সেই শর্ত পূরণও করেছে। ড্রয়ের এই বিশেষ বিন্যাসের কারণে ফাইনালের আগে আর্জেন্টিনার সাথে স্পেনের দেখা হওয়ার কোনো সুযোগই ছিল না।
১৯৯৪ সালে ফিফা র্যাঙ্কিং প্রথা চালু হলেও সে বছরের বিশ্বকাপে তা কার্যকর ছিল না। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপ থেকে শুরু করে পরবর্তী আসরগুলোর কোনোটিতেই র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসাথে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। দীর্ঘ সময় পর এবারই প্রথম মাঠের লড়াইয়ে র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে অন্তত একবার হলেও বিশ্বকাপের স্বাদ পেয়েছে। ফলে ফুটবল বিশ্ব এবার কোনো নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাচ্ছে না। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এই নিয়ে মাত্র তৃতীয়বারের মতো কোনো আসরের চার সেমিফাইনালিস্টই সাবেক চ্যাম্পিয়ন।
চার সেমিফাইনালিস্টের মধ্যে ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন। আলবিসেলেস্তেরা (আর্জেন্টিনা) ১৯৭৮ ও ১৯৮৬ সালের পর ২০২২ আসরের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবার মাঠে নেমেছে। এ ছাড়া স্পেন ২০১০ সালে এবং ইংল্যান্ড ১৯৬৬ সালে তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফিটি জিতেছিল।
এর আগে প্রথমবার ১৯৭০ সালে উরুগুয়ে, ব্রাজিল, ইতালি ও পশ্চিম জার্মানিকে নিয়ে এমন সেমিফাইনাল দেখেছিল বিশ্ব। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। দ্বিতীয় ও শেষবার ১৯৯০ সালে আর্জেন্টিনা, ইতালি, ইংল্যান্ড ও পশ্চিম জার্মানির ক্ষেত্রে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানরা।
বিশ্বকাপের সেমিফাইনালের মহা দ্বৈরথে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। আর পরদিন বুধবার একই সময়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করবেন ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যেই নির্ধারিত হবে কে যাবে ফাইনালে, বিশ্বমঞ্চে ঝলক দেখিয়ে কার হাতে যাবে বহুল প্রতীক্ষিত ট্রফিটি।
বিশ্বকাপ থেকে আরও পড়ুন...