প্রবা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম
সান্তোসের মাঠের মধ্যখানে রাখা হয়েছে পেলের কফিন।
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের কফিন ঘিরে এক আবেগঘন অবস্থার সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামে সারা রাত জেগে ফুটবল কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ব্রাজিলের সর্বস্তরের মানুষ।
পেলের মরদেহ রাখা হয়েছে তার সাবেক ক্লাব সান্তোসের মাঠের মধ্যখানে। যেখানে পায়ের জাদুতে বিশ্বকে তার জাত চিনিয়ে ছিলেন তিনি। সারাদিন ধরে হাজার হাজার ভক্ত এবং ফুটবলের বিশিষ্ট ব্যক্তিরা ধীরে ধীরে ভিলা বেলমিরোতে প্রবেশ করেন।
পেলের দীর্ঘদিনের ক্লাব এই সান্তোস। পেলের কফিনটি সান্তোস এবং ব্রাজিলের পতাকায় ঢেকে দেওয়া হয়েছে। এ সময় সাদা ফুল দিয়ে ঘেরা ছিল কফিনটি। পেলেকে শেষবারের মতো দেখতে পছন্দের ফুলের তোড়া হাতে এ সময় হাজির হয়েছিলেন ব্রাজিল তারকা নেইমারের বাবাও।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তার স্ত্রীও পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এনডিটিভি জানিয়েছে, লুলার অফিস আগেই ঘোষণা করেছিল যে, তিনি মঙ্গলবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। তার আগে তিনি সান্টোসে পেলেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন।
তিনবারের বিশ্বকাপজয়ী পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানদের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ফিফা সকল সদস্য দেশকে পেলের সম্মানে একটি স্টেডিয়ামের নামকরণ করতে বলবে।
সাও পাওলো থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বন্দর নগরী সান্তোসে সাংবাদিকদের তিনি বলেন, ‘পেলে চিরন্তন। তিনি ফুটবলের বিশ্বব্যাপী আইকন।’
কার্লোস মোটা এবং তার ১২ বছর বয়সি ছেলে বার্নার্ডো তাদের নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে রিও ডি জেনিরো থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি ভ্রমণ করেছেন।
৫৯ বছর বয়সি মোটা এএফপিকে বলেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের মাধ্যমে পেলের জন্য যা করেছিলেন আমার পুরো শৈশবই তার দ্বারা প্রভাবিত হয়েছিল। তিনি একজন জাতীয় আদর্শ ছিলেন। আমি সব সময় আমার ছেলেকে বলেছি, তিনটি অবিসংবাদিত তথ্য রয়েছে। সেগুলো হলো-বলের আকার গোল, ঘাসের রং সবুজ এবং পেলে সর্বকালের সেরা।’
তিনি আরও বলেন, ‘আমি গ্যালারিতে বসে কখনো পেলের খেলা দেখিনি, কিন্তু আমি ভিডিওগুলো দেখেছি। তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়।