কোয়ার্টার-ফাইনাল
অনুশীলনে ইংল্যান্ডের নিকো ও’রাইলি, কোবি মাইনু, ডিজেড স্পেন্স ও রিস জেমস। ছবি: রয়টার্স।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেল ইংল্যান্ড।
প্রধান কোচ থমাস টুখেল জানিয়েছেন, নিষিদ্ধ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাহ ছাড়া তার হাতে রয়েছে পূর্ণাঙ্গ দল।
একই সঙ্গে তিনি বলেছেন, ইংলিশ ফুটবলের ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই দলকে এগিয়ে নিতে চান।
মিয়ামি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টুখেল জানান, মিডফিল্ডার ডেকলান রাইস এবং ডিফেন্ডার মার্ক গুয়েহি ও রিস জেমস বৃহস্পতিবার আলাদাভাবে অনুশীলন করলেও শুক্রবার মূল দলে যোগ দিয়েছেন।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর হাত ভেঙে যাওয়া জর্ডান হেন্ডারসন ছাড়া সবাই অনুশীলনে অংশ নিয়েছেন বলেও জানান তিনি।
টুখেল বলেন, “এটাই সবচেয়ে ভালো খবর। অনুশীলনে সবাইকে পেয়েছি, যা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়।”
তিনি আরও বলেন, “নিষিদ্ধ ওই খেলোয়াড় (কোয়ানসাহ) ছাড়া আমাদের সামনে সব ধরনের বিকল্প রয়েছে। তাই এটিই সবচেয়ে ইতিবাচক খবর।”
কোচের মতে, মেক্সিকোর বিপক্ষে জয়টি ছিল সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে দলের লক্ষ্য এখন আরও বড়।
তার ভাষায়, আমাদের এখনও ক্ষুধা রয়েছে। এখনও আমাদের স্বপ্ন আছে এবং সামনে অর্জনের জন্য একটি বড় লক্ষ্য রয়েছে।
মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার পর জ্যারেল কোয়ানসাহকে কেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি ইংল্যান্ড।
তবে তার পরিবর্তে রাইট ব্যাকে কে খেলবেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি টুখেল।
ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে টুখেল বলেন, তিনি দলের ঐতিহ্যগত পরিচয় বদলাতে চান না। বরং আক্রমণাত্মক ফুটবল, মানসিক দৃঢ়তা, দলীয় ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং জয়ের ক্ষুধাকেই ইংলিশ ফুটবলের মূল শক্তি হিসেবে দেখেন।
বাংলাদেশ সময় রবিবার ভোর ৩টায় অনুষ্ঠিত ম্যাচে নরওয়েকে হারাতে পারলে সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।